আসন্ন আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপে নেই অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স। দীর্ঘদিনের পিঠের চোট থেকে তিনি পুরোপুরি সেরে উঠতে পারেননি। ক্রিকেট অস্ট্রেলিয়া ঝুঁকি নিতে না চাওয়ায় তাকে দল থেকে বাদ দেওয়া হয়েছে।
নির্বাচকরা জানিয়েছে, কামিন্সের লাম্বার স্ট্রেস ইনজুরি সারতে আরও সময় লাগবে। প্রাথমিক দলে তাকে রাখা হয়েছিল, আশা ছিল টুর্নামেন্টের মধ্যবর্তী সময়ে খেলা শুরু করতে পারবেন। শেষ পর্যন্ত সেই ঝুঁকি নেওয়া হয়নি। তার জায়গায় বাঁহাতি পেসার বেন ডোয়ারশুইসকে দলে নেওয়া হয়েছে।
গত বছরের জুলাইয়ের পর কামিন্স মাত্র একটি ম্যাচ খেলেছেন। এটি ছিল ডিসেম্বরের মাঝামাঝি ইংল্যান্ডের বিপক্ষে অ্যাডিলেড টেস্ট।
এরপরই তাকে বিশ্রামে পাঠান হয়। জানুয়ারিতে করা স্ক্যানে কিছুটা ভালো লক্ষণ দেখা গেলেও নির্বাচকরা ছোট সময়ের টুর্নামেন্টে খেলান ঝুঁকিপূর্ণ মনে করেছেন।
অস্ট্রেলিয়ার নির্বাচক টনি ডোডেমেইড বলেন, ‘প্যাটের পিঠের চোট সারতে আরও সময় লাগবে। বেন প্রস্তুত, সে বাঁহাতি পেসার, বল সুইং করাতে পারে এবং নিচের দিকে ব্যাটিংয়েও অবদান রাখতে পারে।’
চূড়ান্ত দলে আরও পরিবর্তন এসেছে। ম্যাথিউ শর্ট বাদ পড়েছেন, তার জায়গায় নেওয়া হয়েছে ম্যাট রেনশ। শ্রীলঙ্কায় স্পিন সহায়ক কন্ডিশন ধরে মিডল অর্ডার শক্ত করার পরিকল্পনা করা হয়েছে।
ভালো ফর্মে থাকা সত্ত্বেও স্টিভেন স্মিথকে আবারও দলে রাখা হয়নি। নির্বাচকরা নমনীয়তাকে বিশেষজ্ঞ টপ অর্ডার ব্যাটারের উপরে গুরুত্ব দিয়েছেন। স্বস্তির খবর, জশ হ্যাজলউড, টিম ডেভিড ও নাথান এলিস চোট কাটিয়ে দলে থাকছেন।
অস্ট্রেলিয়ার চূড়ান্ত দল:
মিচেল মার্শ (অধিনায়ক), জেভিয়ার বার্টলেট, কুপার কনোলি, টিম ডেভিড, বেন ডোয়ারশুইস, ক্যামেরন গ্রিন, নাথান এলিস, জশ হ্যাজলউড, ট্রাভিস হেড, জশ ইংলিস, ম্যাট কুনেম্যান, গ্লেন ম্যাক্সওয়েল, ম্যাট রেনশ, মার্কাস স্টয়নিস এবং অ্যাডাম জাম্পা।