লা লিগায় শীর্ষস্থান আরও শক্ত করেছে বার্সেলোনা। শনিবার মায়োর্কাকে ৩-০ গোলে হারিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে চার পয়েন্টের ব্যবধান তৈরি করেছে হানসি ফ্লিকের দল।
এই ম্যাচে বার্সেলোনার জয়ে বড় ভূমিকা রাখেন রবার্ট লেভানডস্কি ও তরুণ মিডফিল্ডার মার্ক বার্নাল। লেভানডস্কির গোলে এগিয়ে যাওয়ার পর ক্যারিয়ারের প্রথম গোল করে দলের বড় জয় নিশ্চিত করেন বার্নাল।
ম্যাচের ২৯ মিনিটে লেভানডস্কির গোলে লিড নেয় বার্সেলোনা। বাম প্রান্ত দিয়ে মার্কাস রাশফোর্ডের দারুণ মুভমেন্টের পর কাছ থেকে শট নেন পোলিশ এই তারকা ফরোয়ার্ড। প্রথম প্রচেষ্টা ব্লক হলেও দ্রুত বলের নিয়ন্ত্রণ নিয়ে একজন ডিফেন্ডারকে কাটিয়ে গোলটি আদায় করে নেন তিনি।
প্রথমার্ধের বাড়তি সময়ে রাইট ব্যাক কুন্দের শট ইয়ামালের পায়ে লাগলেও গোললাইনের খুব কাছ থেকে অবিশ্বাস্যভাবে সুযোগ নষ্ট করেন তরুণ এই উইঙ্গার। তবে দ্বিতীয়ার্ধে নিজের ভুল শুধরে নেন তিনি। ৬১ মিনিটে ডি-বক্সের মাথায় একজন ডিফেন্ডারকে কাটিয়ে বাম পায়ের বাঁকানো জোরালো শটে অসাধারণ গোল করেন ইয়ামাল। গোলরক্ষক লিও রোমানের কিছুই করার ছিল না।
এরপর ৮৩ মিনিটে মাঝমাঠে চারটি দ্রুত পাসে মায়োর্কার রক্ষণে ফাঁক তৈরি করে বার্সেলোনা। বল নিয়ে দ্রুত বক্সে ঢুকে একজন ডিফেন্ডারকে কাটিয়ে নিখুঁত ফিনিশিংয়ে গোল করেন মার্ক বার্নাল। ক্যারিয়ারের প্রথম গোলেই দলের জয় নিশ্চিত করেন ঘরের এই তরুণ ফুটবলার।
এই জয়ের ফলে লা লিগার চলতি মৌসুমে ২৩ ম্যাচে ৫৮ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে বার্সেলোনা। এক ম্যাচ কম খেলে ৫৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে রিয়াল মাদ্রিদ। রবিবার ভ্যালেন্সিয়ার বিপক্ষে জয় পেলে ব্যবধান কমিয়ে এক পয়েন্টে নামিয়ে আনতে পারবে আলভারো আরবেলোয়ার দল।