ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি বিশ্বকাপ ম্যাচ পাকিস্তানের বয়কট সিদ্ধান্তে কোনো যৌক্তিকতা খুঁজে পাচ্ছেন না ভারতের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলি। রোববার তিনি বিস্ময় প্রকাশ করে বলেন, ‘বিশ্বকাপে প্রতিটি পয়েন্টই গুরুত্বপূর্ণ। শ্রীলঙ্কায় খেলা হবে, সেখানে এমন সিদ্ধান্ত নেওয়ার কোনো মানে আমি বুঝতে পারছি না।’
পাকিস্তান সরকারের নির্দেশের পর বাংলাদেশকে পাশে নিয়ে ভারতের সঙ্গে ম্যাচ বয়কটের সিদ্ধান্ত নেয় পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এর আগে নিরাপত্তাজনিত কারণে বাংলাদেশ ভারতে খেলতে রাজি হয়নি। বাংলাদেশ নিজের ম্যাচ শ্রীলঙ্কায় আয়োজনের অনুরোধ করলেও আইসিসি সেটি ফিরিয়ে দেয়। অবশেষে বাংলাদেশ বিশ্বকাপ থেকে বাদ পড়ে এবং তাদের জায়গায় সুযোগ পায় স্কটল্যান্ড।
পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের সঙ্গে সাক্ষাৎ করে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের সিদ্ধান্ত নেন। এই বিষয়ে সৌরভ গাঙ্গুলি বলেন, ‘শ্রীলঙ্কায় খেলা হবে, তাই পিছিয়ে আসার কোনো যুক্তি নেই। বিশ্বকাপে প্রতিটি ম্যাচ গুরুত্বপূর্ণ এবং এমন সিদ্ধান্ত দলের জন্য ক্ষতিকর হতে পারে।’
গণমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে জানা গেছে, পাকিস্তান তিনটি দাবি তোলে – বাংলাদেশকে বর্ধিত ক্ষতিপূরণ দেওয়া, অংশগ্রহণমূলক অর্থ প্রদান এবং ভবিষ্যতে বাংলাদেশকে আইসিসির কোনো ইভেন্টের আয়োজক করা।