নাটকীয়তার পর আগামী ১৫ ফেব্রুয়ারি চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের মুখোমুখি হবে পাকিস্তান। এই ম্যাচের প্রেক্ষাপট এখনও আলোচনার বিষয়। ভারতীয় সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) পাকিস্তান ক্রিকেট বোর্ডকে (পিসিবি) কিছু ‘ছাড়’ দেওয়ার আশ্বাস দেওয়ার পরই ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের অবস্থান থেকে সরে আসে।
তবে আইসিসি বা পাকিস্তান সরকারের আনুষ্ঠানিক বিবৃতিতে এই সুবিধার বিষয়টি সরাসরি বলা হয়নি। পিসিবির একটি সূত্র জানিয়েছে, ‘বয়কট প্রত্যাহারের বিনিময়ে আইসিসির কাছ থেকে যে সুবিধা পাওয়া গেছে, তার বিস্তারিত তথ্য টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষ হওয়ার পর প্রকাশ করা হবে।’
গত সোমবার (৯ ফেব্রুয়ারি) আইসিসির বিজ্ঞপ্তিতে মূলত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রসঙ্গ গুরুত্ব পায়। সেখানে বলা হয়, বিশ্বকাপে অংশ না নেওয়ার কারণে বিসিবির বিরুদ্ধে কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না এবং ২০২৮-২০৩১ চক্রে একটি বৈশ্বিক টুর্নামেন্ট আয়োজনের অধিকার পাবে বাংলাদেশ, সম্ভাব্যভাবে অনূর্ধ্ব-১৯ পুরুষ বিশ্বকাপ।
যে সম্ভাব্য সমঝোতার শর্তগুলো আইসিসি ও পিসিবির মধ্যে রয়েছে, তা এখনও আনুষ্ঠানিকভাবে প্রকাশ হয়নি। ফলে বিশ্বকাপ শেষ না হওয়া পর্যন্ত বিষয়টি নিয়ে অনিশ্চয়তা ও ধোঁয়াশা থেকে যাচ্ছে। ক্রিকেট বিশ্ব এখন দেখছে, শেষ পর্যন্ত কী ধরনের সমঝোতায় পৌঁছেছিল দুই দল এবং তা ভবিষ্যতের আন্তর্জাতিক সূচিতে কতটা প্রভাব ফেলবে।