লিগ ওয়ানে হোঁচট খেল পিএসজি। রেনেসের কাছে ৩-১ গোলে হার মানতে হয়েছে বর্তমান ফরাসি চ্যাম্পিয়নদের। ব্যালন ডি’অরজয়ী তারকা উসমান ডেম্বেলের একটি গোল শোধ করলেও শেষ পর্যন্ত তিন গোল হজম করে মাঠ ছাড়ে পিএসজি।
শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলেছে স্বাগতিক রেনেস। ম্যাচের ৩৩ মিনিটে তাদের চাপে ভেঙে পড়ে পিএসজির রক্ষণভাগ। জর্ডানের মিডফিল্ডার মুসা আল তামারি দ্রুত পাল্টা আক্রমণে উঠে বক্সের কিনারে দুই ডিফেন্ডারের মাঝখান দিয়ে দুর্দান্ত শটে জাল খুঁজে নেন।
গোল হজমের পর কিছুটা গুছিয়ে নেয় পিএসজি। সুযোগ তৈরি করেও ফিনিশিংয়ে ধার দেখাতে পারেনি তারা। ম্যাচের মাঝামাঝি সময়ে ব্যবধান দ্বিগুণ করেন রেনেসের সেন্টার ফরোয়ার্ড লিপল। উঁচুতে উঠে শক্ত হেডে গোলরক্ষককে পরাস্ত করেন তিনি।
তবে ব্যবধান বাড়ার দুই মিনিটের মাথায় পুরোনো ক্লাবের বিপক্ষে গোল করে ম্যাচে ফেরার ইঙ্গিত দেন ডেম্বেলে। কিন্তু সেই আশা বেশিক্ষণ টেকেনি। ৮১ মিনিটে আরেকটি দ্রুত কাউন্টার অ্যাটাক থেকে গোল করেন এম্বোলো, নিশ্চিত করেন রেনের ৩–১ ব্যবধানের জয়।
এই হারের পরও লিগ ওয়ানের শীর্ষস্থান ধরে রেখেছে পিএসজি। ২২ ম্যাচে তাদের সংগ্রহ ৫১ পয়েন্ট। তবে এক ম্যাচ কম খেলা লেন্স পিছিয়ে আছে মাত্র দুই পয়েন্টে