টি-টোয়েন্টি বিশ্বকাপে সংযুক্ত আরব আমিরাতকে ৫ উইকেটে হারিয়েছে আফগানিস্তান। এই জয়ের মধ্য দিয়ে সুপার এইট নিশ্চিত করেছে দক্ষিণ আফ্রিকা, একই সঙ্গে আফগানিস্তানের সুপার এইটের আশাও জোরালো হয়েছে।
আজ সোমবার (১৬ ফেব্রুয়ারি) দিল্লীর অরুন জেটলি স্টেডিয়ামে টসে জিতে আরব আমিরাতকে ব্যাটিং করার আমন্ত্রণ জানায় আফগানিস্তান। ব্যাট করতে নেমে প্রথম দুই ওভারে আরিয়ানশ শর্মা ও মোহাম্মদ ওয়াসিম সাজঘরে ফিরে যান মাত্র ১৩ রানে। এরপর আলিশান শারাফু ও সোহাইব খান দলের হাল ধরেন। পাওয়ারপ্লেতে তাদের আগ্রাসী ব্যাটিংয়ে দুই উইকেটের বিনিময়ে ৬ ওভারে ৫৫ রান তোলে আমিরাত।
শারাফু ৩০ বলে ৪১ রান করে আউট হন, আর সোহাইব ৪৮ বলে ৬৮ রানের ঝলমলে ইনিংস খেলেন। শেষ ওভারে হায়দার আলী ১২ বলে ১৩ রান করে রান আউট হন। নির্ধারিত ২০ ওভারে সংযুক্ত আরব আমিরাত জাতীয় ক্রিকেট দল সংগ্রহ করে ৯ উইকেট হারিয়ে ১৬০ রান। আফগানিস্তানের হয়ে মাত্র ১৫ রান খরচায় ৪ উইকেট নেন আজমতউল্লাহ ওমরজাই, ২ উইকেট নেয় মুজিব উর রহমান, আর রশিদ খান ১ উইকেট নিয়ে টি-টোয়েন্টি ক্রিকেট ইতিহাসে ৭০০ উইকেটের মাইলফলক স্পর্শ করেন।
জবাবে ব্যাট করতে নেমে প্রথম ওভারে রহমানউল্লাহ গুরবাজ আউট হন মাত্র ২ বল খেলে। এরপর গুলবাদিন নাইব ১২ বলে ১৩ রান করে প্যাভিলিয়নে ফিরে যান। পাওয়ারপ্লে শেষে আফগানিস্তান ৪১ রানে ২ উইকেট হারায়।
চারে নেমে সেদিকউল্লাহ আতাল যোগ দেন ইবরাহিমের সঙ্গে। আতাল ১৪ বলে ১৬ রান করে আউট হন। ইবরাহিম ৪১ বলে ৫৩ রানের কার্যকরী ইনিংস খেলে দলকে দৃঢ় ভিত্তি দেন। এরপর ক্রিজে জুটি বাঁধেন ডারউইশ রাসুলি ও আজমতউল্লাহ ওমরজাই।
শেষ দিকে মোহাম্মদ নবীও যোগ দেন। ওমরজাই ২১ বলে ৪০ রানের বিস্ফোরক ইনিংস খেলে দলকে ৫ উইকেটে জয় নিশ্চিত করেন। সংযুক্ত আরব আমিরাতের হয়ে ২টি করে উইকেট নেন মোহাম্মদ আফরান ও জুনাইদ সিদ্দিকী।