টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্বে দাপুটে ছন্দ ধরে রেখে আরেকটি জয় তুলে নিয়েছে দক্ষিণ আফ্রিকা। অপরাজিত থেকেই সুপার এইটে জায়গা নিশ্চিত করেছে গত আসরের রানার্স-আপরা। শেষ ম্যাচে সংযুক্ত আরব আমিরাত জাতীয় ক্রিকেট দলকে ৬ উইকেটে হারিয়েছে প্রোটিয়ারা।
বুধবার দিল্লিতে আগে ব্যাট করে আমিরাত ৬ উইকেটে তোলে ১২২ রান। জবাবে ব্যাট করতে নেমে মাত্র ১৩.২ ওভারেই লক্ষ্য ছুঁয়ে ফেলে দক্ষিণ আফ্রিকা। ডি গ্রুপে চার ম্যাচের সবকটিতেই জয় পেয়েছে দক্ষিণ আফ্রিকা। অন্যদিকে চার ম্যাচে এক জয় নিয়ে টুর্নামেন্ট শেষ করেছে আমিরাত।
টস হেরে ব্যাট করতে নেমে ঝড়ো সূচনা করেন অধিনায়ক মোহাম্মদ ওয়াসিম, ১২ বলে ২২ রান করে প্যাভিলিয়নে ফিরেন তিনি। এরপর ৩৮ বলে ৪৫ রানের লড়াকু ইনিংস খেলেন আলিশান শরাফু। দলের আর কেউ ১৫ রানও ছুঁতে পারেননি।
দক্ষিণ আফ্রিকার বোলাররা ছিলেন নিয়ন্ত্রিত ও কার্যকর। করবিন বশ ৪ ওভারে মাত্র ১২ রান দিয়ে নেন ৩ উইকেট। জর্জ লিন্ডা শিকার করেন ২ উইকেট।
রান তাড়ায় বড় ইনিংসের প্রয়োজন হয়নি। ১১ বলে ২৮ রান করেন এইডেন মার্করাম, ১৬ বলে ৩০ রান আসে রায়ান রিকেলটনর ব্যাট থেকে। আর ২৫ বলে ৩৬ রান করে জয় সহজ করেন ডেওয়াল্ড ব্রেভিস।
সুপার এইটে দক্ষিণ আফ্রিকার প্রতিপক্ষ হিসেবে অপেক্ষা করছে ভারত, ওয়েস্ট ইন্ডিজ ও জিম্বাবুয়ে।