২০২৩ সালের শুরুতে ইউরোপীয় ফুটবলের অধ্যায় শেষ করে সৌদি আরবের ক্লাব আল নাসরে যোগ দেন ক্রিস্টিয়ানো রোনালদো। মধ্যপ্রাচ্যের মুসলিম অধ্যুষিত দেশটিতে যাওয়ার পর থেকেই তার মধ্যে কিছু পরিবর্তন লক্ষ্য করা যায়। কখনো কখনো তাকে ঐতিহ্যবাহী সৌদি পোশাক জোব্বা পরতেও দেখা গেছে।
এবার আরও চমকপ্রদ একটি তথ্য সামনে এনেছেন রোনালদোর সাবেক আল নাসর সতীর্থ শায়ে শারাহিলি। তার দাবি, স্থানীয় সংস্কৃতি ও রোজার অভিজ্ঞতা বোঝার আগ্রহ থেকে গত রমজানে টানা দুদিন রোজা রেখেছিলেন পর্তুগিজ তারকা।
সম্প্রতি থামনিয়াহ স্পোর্টসের সঙ্গে আলাপকালে শারাহিলি সৌদি প্রো লিগে আরব ও বিদেশি খেলোয়াড়দের রমজানকালীন অভিজ্ঞতা নিয়ে কথা বলেন। তিনি জানান, আরব খেলোয়াড়দের জন্য রোজা রেখে খেলা তুলনামূলক সহজ হলেও বিদেশি খেলোয়াড়দের জন্য বিষয়টি বেশ চ্যালেঞ্জিং।
শারাহিলির ভাষায়, ‘রমজানে খেলা সহজ নয়। তবে আরব খেলোয়াড়রা এতে অভ্যস্ত। বিদেশি খেলোয়াড়দের জন্য খাবার, ঘুম ও দৈনন্দিন রুটিন ঠিক রাখা কঠিন হয়ে পড়ে। স্থানীয় সংস্কৃতিকে সম্মান ও বোঝার আগ্রহ থেকেই রোনালদোর এমন উদ্যোগ নিয়েছিলেন রোনালদো।’