লা লিগায় টানা নয় ম্যাচ জয়ের পর হোঁচট খেল রিয়াল মাদ্রিদ। শনিবার ওসাসুনার বিপক্ষে ২-১ গোলে হেরে শীর্ষস্থান আরও শক্ত করার সুযোগ হাতছাড়া করেছে লস ব্লাংকোসরা।
এর আগে রিয়াল সোসিয়েদাদকে হারিয়ে লিগ টেবিলের শীর্ষে উঠেছিল রিয়াল। ওসাসুনার বিপক্ষে কাগজে-কলমে এগিয়ে থাকলেও মাঠের খেলায় সেই ছাপ রাখতে পারেনি তারা। বল দখলে আধিপত্য দেখালেও আক্রমণে ছিল না প্রয়োজনীয় ধার।
ম্যাচের ৩৪ মিনিটে এগিয়ে যায় ওসাসুনা। বক্সের ভেতরে আন্তে বুদিমিরকে চ্যালেঞ্জ করতে গিয়ে গোলরক্ষক থিবো কোর্তোয়ার সঙ্গে সংঘর্ষ হয়। প্রথমে সিমুলেশনের অভিযোগে কার্ড দেখানো হলেও ভিএআরের সহায়তায় সিদ্ধান্ত বদলান রেফারি এবং পেনাল্টি দেন। স্পট-কিক থেকে ঠান্ডা মাথায় গোল করে দলকে এগিয়ে দেন বুদিমির।
দ্বিতীয়ার্ধে চাপ বাড়ায় রিয়াল। ৭৩ মিনিটে সমতায় ফেরে তারা। বাঁ দিক দিয়ে ফেদেরিকো ভালভার্দের দারুণ দৌড় ও নিচু ক্রস থেকে কাছ থেকে বল জালে জড়ান ভিনিসিয়ুস জুনিয়র।
সমতায় ফেরার পর জয়ের লক্ষ্যেই আক্রমণের ধার আরও বাড়ায় রিয়াল মাদ্রিদ। তবে যোগ করা সময়ে বিপর্যয় নেমে আসে মাদ্রিদ শিবিরে। বদলি খেলোয়াড় দানি সেবাইয়োস মাঝমাঠে বল হারালে পাল্টা আক্রমণে সুযোগ পায় ওসাসুনা। রাউল মোরোর পাস থেকে রাউল গার্সিয়া ডিফেন্ডারকে কাটিয়ে জোরালো শটে জয়সূচক গোলটি করেন।
পরিসংখ্যানে রিয়াল এগিয়েই ছিল। তারা ১৫টি শট নিয়ে পাঁচটি লক্ষ্যে রাখতে পারলেও প্রতিপক্ষ গোলরক্ষককে খুব একটা পরীক্ষা নিতে পারেনি। বিপরীতে ওসাসুনা ১৪ শটের দুটি লক্ষ্যে রেখে দুটিতেই গোল আদায় করে নেয়।
এই হারের পর রিয়ালের পয়েন্ট ৬০। বার্সেলোনার চেয়ে তারা দুই পয়েন্টে এগিয়ে থাকলেও কাতালানদের একটি ম্যাচ কম আছে। রবিবার লেভান্তের বিপক্ষে জিততে পারলে বার্সেলোনা আবারও শীর্ষে উঠে যাবে।