চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে রচিত হয়েছে ছক্কার ইতিহাস। আহমেদাবাদে ভারতের বিপক্ষে দক্ষিণ আফ্রিকার ইনিংসের দশম ওভারে ডেভিড মিলারের ব্যাট থেকে উড়ে যাওয়া এক ছক্কাতেই ভেঙে যায় টুর্নামেন্ট ইতিহাসের সর্বোচ্চ ছক্কার রেকর্ড।
মিলারের সেই ছক্কাটি ছিল এবারের আসরের ৫১৮তম। ফলে পেছনে পড়ে যায় ২০২৪ বিশ্বকাপের ৫১৭ ছক্কার রেকর্ড। গত আসরে ৫২ ম্যাচে হয়েছিল ৫১৭টি ছক্কা। আর এবার মাত্র ৪২ ম্যাচেই গড়ে উঠেছে নতুন রেকর্ড।
সুপার এইট পর্ব শুরুর আগ পর্যন্ত মোট ছক্কা ছিল ৫০৭টি। প্রথম ম্যাচেই রেকর্ড হওয়ার সম্ভাবনা থাকলেও পাকিস্তান-নিউজিল্যান্ড ম্যাচ বৃষ্টিতে ভেসে যাওয়ায় তা সম্ভব হয়নি। শ্রীলংকা-ইংল্যান্ড ম্যাচেও রেকর্ড হয়নি, যদিও সেই ম্যাচে সাতটি ছক্কা হওয়ায় ব্যবধান নেমে আসে চারে। শেষ পর্যন্ত ভারতের বিপক্ষে দক্ষিণ আফ্রিকার ব্যাটাররা ১০টি ছক্কা হাঁকিয়ে নতুন মাইলফলক ছুঁয়ে ফেলে। এখন পর্যন্ত এবারের বিশ্বকাপে মোট ছক্কার সংখ্যা দাঁড়িয়েছে ৫২৪।
শুধু মোট ছক্কাই নয়, ম্যাচপ্রতি ছক্কার গড়েও রেকর্ড গড়েছে এবারের আসর। এখন পর্যন্ত প্রতি ম্যাচে গড়ে প্রায় ১৩টি ছক্কা হয়েছে, যা টি-টোয়েন্টি বিশ্বকাপ ইতিহাসে সর্বোচ্চ। এর আগে কেবল ২০১০ সালেই ম্যাচপ্রতি ছক্কার গড় দুই অঙ্ক ছুঁয়েছিল। সেবার ২৭ ম্যাচে হয়েছিল ২৭৮টি ছক্কা, ম্যাচপ্রতি গড় ছিল ১০.৩।