বিদ্যুৎ সংকট মোকাবিলায় রাত ৭টার মধ্যে দোকানপাট বন্ধের বাধ্যবাধকতা থাকলেও আসন্ন ঈদুল আজহা উপলক্ষে সেই সময়সীমা বাড়ানো হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, মঙ্গলবার (১২ মে) থেকে ঈদের দিন পর্যন্ত সারাদেশে মার্কেট, বিপণিবিতান ও ব্যবসা প্রতিষ্ঠান রাত ১০টা পর্যন্ত খোলা রাখা যাবে।
মঙ্গলবার বাংলাদেশ দোকান মালিক সমিতির পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই নতুন সিদ্ধান্তের কথা জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, আসন্ন ঈদুল আজহা উপলক্ষে ক্রেতা ও বিক্রেতাদের সুবিধার কথা বিবেচনা করে সরকার দোকানপাট খোলার রাখার সময় বর্ধিত করার সিদ্ধান্ত নিয়েছে।
এর আগে বিদ্যুৎ সংকট মোকাবিলায় মার্কেট, বিপণিবিতান ও ব্যবসা প্রতিষ্ঠান সন্ধ্যা ৭টার মধ্যে বন্ধের সিদ্ধান্ত নিয়েছিল সরকার।
বিজ্ঞপ্তিতে সংগঠনটি বলে, আমাদের আবেদনের প্রেক্ষিতে বিদ্যুৎ জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রী বাংলাদেশ দোকান মালিক সমিতিকে জানান যে, ১২ মে থেকে ঈদুল আজহা পর্যন্ত মার্কেট, বিপণি বিতান ও ব্যবসা প্রতিষ্ঠানগুলো রাত ১০টা পর্যন্ত খোলা রাখার সময় বর্ধিত করা হয়েছে।
তবে কোনো আলোকসজ্জা ও অতিরিক্ত বিদ্যুৎ ব্যবহার করা যাবে না বলেও সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।