ভারত মহাসাগরে ইরানের নৌবাহিনীর একটি যুদ্ধজাহাজ মার্কিন সাবমেরিনের টর্পেডো হামলায় ডুবে যাওয়ার ঘটনায় অন্তত ৮০ জন নিহত হয়েছেন। শ্রীলঙ্কার উপ-পররাষ্ট্রমন্ত্রী স্থানীয় একটি টেলিভিশন চ্যানেলকে এই তথ্য নিশ্চিত করেছেন।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, শ্রীলঙ্কার উপ-পররাষ্ট্রমন্ত্রী স্থানীয় একটি টেলিভিশন চ্যানেলকে বলেছেন, ভারত মহাসাগরে যুক্তরাষ্ট্রের ওই হামলার পর অন্তত ৮০ জন নিহত হন।
শ্রীলঙ্কার নৌবাহিনীর এক মুখপাত্রের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, জাহাজের নথিপত্র অনুযায়ী, সেখানে ১৮০ জন আরোহী ছিলেন বলে ধারণা করা হচ্ছে।
এর আগে শ্রীলঙ্কার নৌবাহিনী নিশ্চিত করে বলেছিল, ইরানের নৌবাহিনীর জাহাজ ‘আইরিস ডেনা’ থেকে আসা বিপদ সংকেত পাওয়ার পর তারা ৩২ জনকে উদ্ধার করতে সক্ষম হয়েছে। তবে ১০১ জন আরোহী এখনো নিখোঁজ আছেন।
এদিকে ভারত মহাসাগরে ইরানের নৌবাহিনীর জাহাজ বিধ্বস্তের ঘটনায় যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ সাংবাদিকদের বলেন, ‘বুধবার একটি মার্কিন সাবমেরিন ওই ইরানি যুদ্ধজাহাজটিকে ডুবিয়ে দিয়েছে, যেটি আন্তর্জাতিক জলসীমায় নিজেকে নিরাপদ মনে করছিল। টর্পেডোর আঘাতে এটি ডুবে গেছে।’
এই হামলাকে ‘নিভৃত মৃত্যু’ আখ্যা দিয়ে হেগসেথ বলেন, ‘দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর কোনো শত্রুপক্ষের ওপর এ ধরনের হামলা এটিই প্রথম।’
পেন্টাগন জানিয়েছে, শনিবার (২৮ ফেব্রুয়ারি) থেকে ইরানের বিরুদ্ধে শুরু হওয়া মার্কিন-ইসরায়েলি সামরিক অভিযানের অন্যতম প্রধান লক্ষ্য, দেশটির নৌবাহিনী পুরোপুরি ধ্বংস করে দেওয়া।