মধ্যপ্রাচ্যে একটি মার্কিন ঘাঁটিতে জরুরি অবতরণ করতে বাধ্য হয়েছে যুক্তরাষ্ট্রের একটি এফ-৩৫ যুদ্ধবিমান। ইরানের হামলার ফলেই বিমানটি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে। বৃহস্পতিবার সিএনএন দুটি সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে।
ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) এই হামলা চালিয়েছে বলেও দাবি করছে ইরানি গণমাধ্যমগুলো।
যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের মুখপাত্র ক্যাপ্টেন টিম হকিন্স জানান, ইরানের আকাশে একটি সামরিক মিশন পরিচালনার সময় যুদ্ধবিমানটি আঘাতপ্রাপ্ত হয় এবং পরে জরুরি অবতরণ করতে বাধ্য হয়।
তিনি বলেন, ‘বিমানটি নিরাপদে অবতরণ করেছে এবং পাইলট স্থিতিশীল অবস্থায় আছেন।’ ঘটনাটি নিয়ে তদন্ত চলছে বলেও জানান তিনি।
উল্লেখ্য, এফ-৩৫ পঞ্চম প্রজন্মের অত্যাধুনিক স্টেলথ যুদ্ধবিমান, যার প্রতিটির মূল্য ১০০ মিলিয়ন ডলারের বেশি। বর্তমানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিমানবাহিনী এই যুদ্ধবিমান ব্যবহার করছে।
এর আগে বৃহস্পতিবার সকালে পেন্টাগনে এক ব্রিফিংয়ে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ দাবি করেন, ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ‘সম্পূর্ণভাবে ধ্বংস করে দেওয়া হয়েছে’। পাশাপাশি তিনি সতর্ক করে বলেন, খুব শিগগিরই ইরানের বিরুদ্ধে এখন পর্যন্ত সবচেয়ে বড় হামলা চালানো হতে পারে।