ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে নির্ধারিত শান্তি আলোচনাকে কেন্দ্র করে নিরাপত্তার স্বার্থে পাকিস্তানের ইসলামাবাদ ও রাওয়ালপিন্ডিতে দুই দিনের ছুটি ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার সংবাদমাধ্যম ডনের এক প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে।
এর মধ্যে ইসলামাবাদের ডেপুটি কমিশনারের কার্যালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে জানানো হয়, বৃহস্পতি ও শুক্রবার ইসলামাবাদ ক্যাপিটাল টেরিটরিজুড়ে (আইসিটি) স্থানীয় ছুটি থাকবে। তবে জরুরি সেবা এই ছুটির আওতার বাইরে।
ইসলামাবাদের ঘোষণার কয়েক ঘণ্টা পরই রাওয়ালপিন্ডির প্রশাসনও একই সময়ে স্থানীয় ছুটি ঘোষণার কথা জানায়।
এদিকে, যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় অংশ নিতে বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাতে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে পৌঁছাবে ইরানের একটি প্রতিনিধি দল। পাকিস্তানে ইরানের রাষ্ট্রদূত সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে এ তথ্য নিশ্চিত করেন।
রাষ্ট্রদূত রেজা আমিরি মোগাদাম বলেছেন, ‘কূটনৈতিক উদ্যোগ নস্যাৎ করতে ইসরায়েলি শাসনের বারবার যুদ্ধবিরতি লঙ্ঘনের ফলে ইরানের জনমনে সংশয় থাকা সত্ত্বেও প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের আমন্ত্রণে ইরানি প্রতিনিধি দল আজ রাতে ইসলামাবাদে পৌঁছাবে। তারা ইরানের প্রস্তাবিত ১০ দফার ভিত্তিতে গুরুতর আলোচনায় অংশ নেবে।’
ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাগের গালিবাফ প্রতিনিধি দলটির নেতৃত্ব দিতে পারেন বলে বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে। তবে গতকাল বুধবার স্পিকার বলেন, লেবাননে ইসরায়েলি হামলার মাধ্যমে যুদ্ধবিরতি লঙ্ঘনের পর যুক্তরাষ্ট্রের সঙ্গে এই আলোচনা ‘অযৌক্তিক’।
হোয়াইট হাউস জানিয়েছে, যুক্তরাষ্ট্রের পক্ষে ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্সের নেতৃত্বে এই আলোচনা আগামী শনিবার শুরু হওয়ার কথা রয়েছে।
এদিকে পাকিস্তান ও ইরান দাবি করেছে, যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরানের মধ্যকার যুদ্ধবিরতি চুক্তির আওতায় লেবাননও অন্তর্ভুক্ত। তবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল বলছে, হিজবুল্লাহর বিরুদ্ধে লেবাননে পরিচালিত অভিযানের ক্ষেত্রে এই যুদ্ধবিরতি প্রযোজ্য নয়।