ইসলামাবাদে অনুষ্ঠিত আলোচনায় যুক্তরাষ্ট্র ইরানি প্রতিনিধি দলের আস্থা অর্জনে ‘ব্যর্থ হয়েছে’ বলে মন্তব্য করেছেন তেহরান প্রতিনিধি দলের প্রধান মোহাম্মদ বাগের গালিবাফ। ২১ ঘণ্টার ম্যারাথন আলোচনা শেষে রোববার (১২ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি এ কথা জানান।
গালিবাফ ইরানের পার্লামেন্টের স্পিকারও। তিনি বলেন, ‘আলোচনার আগে আমি জোর দিয়ে বলেছিলাম, আমাদের প্রয়োজনীয় সদিচ্ছা ও সংকল্প রয়েছে। কিন্তু আগের দুটি যুদ্ধের অভিজ্ঞতার কারণে আমরা অপর পক্ষকে বিশ্বাস করি না।’
স্পিকার বলেন, ‘ইরানি প্রতিনিধি দলে আমার সহকর্মীরা ১৬৮টি গঠনমূলক ও দূরদর্শী প্রস্তাব পেশ করেন। তা সত্ত্বেও প্রতিপক্ষ এই দফার আলোচনায় আমাদের প্রতিনিধি দলের আস্থা অর্জনে শেষ পর্যন্ত ব্যর্থ হয়েছে।’
‘আমেরিকা আমাদের যুক্তি ও নীতিগুলো বুঝতে পেরেছে। এখন তাদের সিদ্ধান্ত নেওয়ার সময়, তারা আমাদের আস্থা অর্জন করতে পারবে কি না,’ যোগ করেন তিনি।
ইরানের ইসলামি শাসনের অন্যতম অভিজ্ঞ ব্যক্তিত্ব গালিবাফ আরও বলেন, ‘কূটনীতি হলো ইরানি জাতির অধিকার রক্ষার জন্য সামরিক সংগ্রামের পাশাপাশি আরেকটি পদ্ধতি। ৪০ দিনের জাতীয় প্রতিরক্ষায় ইরানিদের অর্জনগুলোকে সুসংহত করার প্রচেষ্টা আমরা কখনোই থামাবো না।’
তথ্যসূত্র: সিএনএন