ওয়াশিংটন ডিসিতে স্থানীয় সময় শনিবার হোয়াইট হাউস করেসপন্ডেন্টস’ ডিনারে সম্ভাব্য গুলির শব্দ শোনার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে দ্রুত মঞ্চ থেকে সরিয়ে নেয় সিক্রেট সার্ভিস। অনুষ্ঠানে উপস্থিত ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্স ও ট্রাম্প প্রশাসনের মন্ত্রিসভার কয়েকজন সদস্যকেও দ্রুত নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়।
একটি সূত্র সিএনএনকে জানিয়েছে, ট্রাম্প নিরাপদে আছেন। আরও দুটি সূত্র জানায়, ভ্যান্সও নিরাপদে অনুষ্ঠানস্থল থেকে বের হয়ে গেছেন। এ ছাড়া প্রশাসনের এক কর্মকর্তা জানিয়েছেন, মন্ত্রিসভার সদস্যরাও নিরাপদ আছেন।
প্রতিবেদন অনুসারে, ওয়াশিংটন হিলটনে আয়োজিত ওই অনুষ্ঠানে কয়েকজন মার্কিন সিক্রেট সার্ভিস এজেন্ট ‘গুলি ছোড়া হয়েছে’ বলে চিৎকার করেন। পরবর্তীতে সিক্রেট সার্ভিস এক্সে দেওয়া এক পোস্টে জানায়, একজনকে আটক করা হয়েছে।
এদিকে ট্রাম্প ট্রুথ সোশালে লিখেছেন, ‘শুটারকে আটক করা হয়েছে’। সেই সঙ্গে দ্রুত ও সাহসিকতার সঙ্গে পদক্ষেপ নেওয়ার জন্য সিক্রেট সার্ভিস ও আইনশৃঙ্খলা বাহিনীর প্রশংসা করেন তিনি। এর কয়েক মিনিট পর দেওয়া আরেক পোস্টে তিনি জানান, আইনশৃঙ্খলা বাহিনীর অনুরোধে তিনি অনুষ্ঠানস্থল ছেড়ে হোয়াইট হাউসে ফিরছেন। শিগগিরই তিনি সংবাদ সম্মেলন করবেন বলেও জানান।
সিএনএনের উপস্থাপক উলফ ব্লিটজার সম্প্রচারের সময় বলেন, তিনি গুলিবর্ষণের সময় হামলাকারীর কাছাকাছি অবস্থানে ছিলেন। তিনি আরও বলেন, ‘হঠাৎ করেই এক ব্যক্তি অস্ত্র নিয়ে হাজির হয়, খুবই মারাত্মক একটি অস্ত্র। এবং গুলি চালাতে শুরু করে। গুলি করার সময় আমি তার কয়েক ফিট দূরে ছিলাম।’
সূত্র: সিএনএন