যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মার্কিন কর্মকর্তাদের পূর্বনির্ধারিত পাকিস্তান সফর বাতিল করলে গত সপ্তাহে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার আলোচনা ব্যর্থ হয়। তেহরানের প্রতিনিধি দল ইসলামাবাদ ছেড়ে চলে যাওয়ার পরই শনিবার ট্রাম্প ঘোষণা করেন, বিশেষ দূত স্টিভ উইটকফ এবং জ্যারেড কুশনারের পাকিস্তানের রাজধানীতে যাওয়া হবে শুধুমাত্র ‘সময়ের অপচয়।’
গত সপ্তাহে মধ্যস্থতাকারী পাকিস্তানের সঙ্গে আলোচনা করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। পরে তিনি বলেন, ‘যুদ্ধ শেষ করার বিষয়ে ইরানের অবস্থান তুলে ধরেছেন তিনি, তবে যুক্তরাষ্ট্র কূটনীতির বিষয়ে আসলে কতটা আন্তরিক তা এখনও দেখার বিষয়।’
শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রাম্প লেখেন, ‘যদি তারা কথা বলতে চায়, তাহলে তাদের শুধু একটা ফোন করলেই হবে।’
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ইঙ্গিত দেন, আলোচনার ‘সব কার্ড’ এখন যুক্তরাষ্ট্রের হাতে, অন্যদিকে ইরানের ‘নেতৃত্বের’ মধ্যে প্রচণ্ড অন্তর্দ্বন্দ্ব ও বিভ্রান্তি বিরাজ করছে।