জাতিসংঘে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত ভ্যাসিলি নেবেনজিয়া বলেছেন, হরমুজ প্রণালিতে যাতায়াত সীমিত করার এবং এই জলপথ নিয়ন্ত্রণ করার ‘পূর্ণ অধিকার’ ইরানের রয়েছে। একই সঙ্গে পশ্চিমা দেশগুলোর বিরুদ্ধে ‘ভণ্ডামি’ এবং ‘জলদস্যুতার’ অভিযোগ আনেন তিনি।
রুশ রাষ্ট্রদূত মঙ্গলবার (২৮ এপ্রিল) এ অভিযোগ করেন বলে জানিয়েছে আল জাজিরা।
নেবেনজিয়া বলেন, ‘পুরো দায়ভার ইরানের ওপর চাপানোর চেষ্টা চলছে, যেন ইরানই তার প্রতিবেশীদের ওপর আক্রমণ চালিয়েছে। যুদ্ধকালীন সময়ে, কোনো উপকূলীয় রাষ্ট্র যদি আক্রান্ত হয়, তাহলে নিরাপত্তার প্রয়োজনে তারা তাদের জলসীমায় জাহাজ চলাচল সীমিত করতে পারে।’
এসময় রুশ রাষ্ট্রদূত পশ্চিমা দেশগুলোকে ‘জলদস্যুদের’ সঙ্গে তুলনা করেন। বিশেষ করে কৃষ্ণ সাগরে রাশিয়ার বাণিজ্যিক জাহাজে ইউক্রেনের হামলায় সমর্থন দেওয়া ইউরোপীয় দেশগুলোর কঠোর সমালোচনা করেন তিনি।
নেবেনজিয়া বলেন, “জলদস্যুরা যেমন তাদের জাহাজে মাথার খুলি ও হাড় আঁকা কালো পতাকা উড়িয়ে আক্রমণ করে, পশ্চিমা দেশগুলো তেমনটা না করলেও তারা তাদের আইনবহির্ভূত কর্মকাণ্ডগুলোকে ‘একতরফা জবরদস্তিমূলক ব্যবস্থা’ হিসেবে আড়াল করার চেষ্টা করছে।”