মধ্যপ্রাচ্যে মিত্র দেশ ইসরায়েল, কাতার, কুয়েত ও সংযুক্ত আরব আমিরাতের কাছে ৮৬০ কোটি ডলারের বেশি মূল্যের সামরিক সরঞ্জাম বিক্রির অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়।
শুক্রবার (১ মে) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই ঘোষণা এমন সময়ে এলো, যখন ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধের ৯ সপ্তাহ চলছে এবং পাকিস্তানের মধ্যস্থতায় একটি ভঙ্গুর যুদ্ধবিরতি কার্যকর হওয়ার তিন সপ্তাহ পার হয়েছে।
টিআরটি ওয়ার্ল্ড জানিয়েছে, মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঘোষণা অনুযায়ী, কাতার যুক্তরাষ্ট্রের কাছ থেকে ৪০১ কোটি ডলারে প্যাট্রিয়ট আকাশ ও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থার সরঞ্জাম এবং ৯৯ কোটি ২৪ লাখ ডলারে অ্যাডভান্সড প্রিসিশন কিল ওয়েপন সিস্টেম কিনবে।
এছাড়া কুয়েতের কাছে ২৫০ কোটি ডলারে ইন্টিগ্রেটেড ব্যাটল কমান্ড সিস্টেম এবং ইসরায়েলের কাছে ৯৯ কোটি ২৪ লাখ ডলারে অ্যাডভান্সড প্রিসিশন কিল ওয়েপন সিস্টেম বিক্রির অনুমোদন দেওয়া হয়েছে।
অন্যদিকে সংযুক্ত আরব আমিরাত ১৪ কোটি ৭৬ লাখ ডলারে একই প্রযুক্তির অস্ত্র সংগ্রহ করবে।
পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, কাতার, ইসরায়েল ও আমিরাতের কাছে অ্যাডভান্সড প্রিসিশন কিল ওয়েপন সিস্টেম বিক্রির প্রধান ঠিকাদার বিএই সিস্টেমস। অন্যদিকে কুয়েত ও কাতারের প্রতিরক্ষাব্যবস্থার প্রধান ঠিকাদার হিসেবে কাজ করবে আরটিএক্স ও লকহিড মার্টিন। কুয়েতের চুক্তিতে নর্থরোপ গ্রুম্যানও অন্যতম প্রধান ঠিকাদার।
গত ২৮ ফেব্রুয়ারি ইরানে হামলা শুরু করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। পাল্টা জবাবে তেহরান পারস্য উপসাগরে মার্কিন মিত্রদের ওপর হামলা চালায় এবং কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি বন্ধ করে দেয়। ৮ এপ্রিল থেকে যুদ্ধ স্থগিত থাকলেও এ পর্যন্ত কেবল একবার ইসলামাবাদে আলোচনায় বসে যুক্তরাষ্ট্র ও ইরান, যা সফল হয়নি।