প্রতি ১০ জন মার্কিন নাগরিকের মধ্যে ৬ জনই মনে করেন, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সামরিক শক্তি প্রয়োগ ‘ভুল’ পদক্ষেপ ছিল। শনিবার (২ মে) প্রকাশিত ওয়াশিংটন পোস্ট, এবিসি নিউজ ও ইপসোসের যৌথ এক জরিপে এমন তথ্য উঠে এসেছে।
ওয়াশিংটন পোস্ট জানিয়েছে, এই হার ২০০৬ সালের মে মাসে করা ওয়াশিংটন পোস্ট ও এবিসি নিউজের জরিপের ৫৯ শতাংশের সমান, যারা ইরাক যুদ্ধকে ‘ভুল’ বলেছিলেন। ১৯৭১ সালের এক গ্যালপ জরিপেও দেখা গিয়েছিল, প্রতি ১০ জন মার্কিনির মধ্যে প্রায় ৬ জনই ভিয়েতনাম যুদ্ধ সম্পর্কে একই মত পোষণ করেছিলেন।
ইরানে যুক্তরাষ্ট্রের সামরিক পদক্ষেপকে ‘ভুল’ বলছেন প্রায় ৯০ শতাংশ ডেমোক্র্যাট, ৭১ শতাংশ স্বতন্ত্র এবং ১৯ শতাংশ রিপাবলিকান।
যুক্তরাষ্ট্রের পরবর্তী পদক্ষেপ কী হওয়া উচিত, তা নিয়েও জরিপে মিশ্র মতামত পাওয়া গেছে।
মার্কিনিদের ৪৮ শতাংশ বলছেন, ইরানের সঙ্গে একটি শান্তিচুক্তি হওয়া উচিত। অবশ্য তাতে যুক্তরাষ্ট্রের স্বার্থ কিছুটা ক্ষুণ্ণ হবে। অন্যদিকে ৪৬ শতাংশ মনে করেন, একটি কার্যকর চুক্তির জন্য ইরানের ওপর চাপ বজায় রাখা উচিত। এর জন্য যদি পুনরায় সামরিক লড়াইয়ে জড়াতে হয়, তাতেও সমস্যা নেই।
জরিপে আরও দেখা গেছে, ২৩ শতাংশ বা প্রায় এক-চতুর্থাংশ মার্কিন নাগরিক জানিয়েছেন, তারা আর্থিকভাবে পিছিয়ে পড়েছেন; যা গত ফেব্রুয়ারিতে ছিল ১৭ শতাংশ। অন্য ৫২ শতাংশ জানান, তাদের জীবনযাত্রার মান বজায় রাখার মতো যথেষ্ট অর্থ রয়েছে। আর ২৪ শতাংশ জানিয়েছেন, তারা অর্থনৈতিকভাবে উন্নতির দিকে যাচ্ছেন।
জরিপে ৪৪ শতাংশ মানুষ জানিয়েছেন, তারা গাড়ি চালানো কমিয়ে দিয়েছেন। ৪২ শতাংশ বলেছেন, তারা গৃহস্থালি খরচ কমিয়েছেন। ৩৪ শতাংশ জানিয়েছেন, তারা ভ্রমণ বা ছুটির পরিকল্পনা পরিবর্তন করেছেন।
অর্ধেক মার্কিন নাগরিকই আশঙ্কা করছেন, আগামী বছর জ্বালানি তেলের দাম আরও বাড়বে। ২১ শতাংশ আশা করছেন, দাম কমতে পারে।
ওয়াশিংটন পোস্ট, এবিসি নিউজ ও ইপসোস এই জরিপ গত ২৪ থেকে ২৮ এপ্রিল ২ হাজার ৫৬০ জন প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিকের ওপর পরিচালনা করে বলে জানিয়েছে সিএনএন।