তামিলনাড়ুতে বিধানসভা নির্বাচন ২০২৬-এ বড় জয়ের পথে অভিনয় থেকে রাজনীতিতে আসা থালাপতি বিজয়। তার গড়া নতুন দল তামিলাগা ভেট্রি কাজাগম (টিভিকে) ১০০টিরও বেশি আসনে এগিয়ে রয়েছে। পাশাপাশি অল ইন্ডিয়া আন্না দ্রাবিড় মুন্নেত্র কাজাগম, নেতৃত্বাধীন জোট ৭১টির বেশি আসনে এগিয়ে রয়েছে। অন্যদিকে ক্ষমতাসীন দ্রাবিড় মুন্নেত্র কাজাগম, কংগ্রেস ও ডিএমডিকে জোট মিলে ৫০টির বেশি আসনে এগিয়ে থেকে তৃতীয় অবস্থানে রয়েছে।
পশ্চিমবঙ্গে ২৯৪ আসনের নির্বাচনে মূল লড়াই হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস ও ভারতীয় জনতা পার্টির (বিজেপি) মধ্যে। প্রাপ্ত ফলাফল অনুযায়ী বিজেপি ইতোমধ্যে সংখ্যাগরিষ্ঠতার সীমা অতিক্রম করে ২০১টি আসনে এগিয়ে রয়েছে। বিপরীতে তৃণমূল কংগ্রেস এগিয়ে রয়েছে ৮৫টির বেশি আসনে।
বিশ্লেষকদের মতে, এই নির্বাচন দুটি কারণে তাৎপর্যপূর্ণ। প্রথমত, পশ্চিমবঙ্গে দীর্ঘদিন ধরেই বিজেপি প্রতিদ্বন্দ্বিতার বাইরে থেকেছে। দ্বিতীয়ত, ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচি ‘স্পেশাল ইনটেনসিভ রিভিশন’ (এসআইআর) নিয়ে নির্বাচন কমিশনের সঙ্গে বিরোধে জড়িয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই প্রক্রিয়ায় প্রায় ৯০ লাখ ভোটার বাদ পড়েছে, যা রাজ্যের মোট ভোটারের প্রায় ১১.৬ শতাংশ, যা ২০২১ সালের নির্বাচনে তৃণমূলের জয়ের ব্যবধানের চেয়েও সামান্য বেশি।
তথ্যসূত্র: এনডিটিভি