দেশে হাম পরিস্থিতি আরও উদ্বেগজনক হয়ে উঠছে। গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ১৭ শিশুর মৃত্যু হয়েছে, যা একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড। মৃতদের মধ্যে ২ জনের হাম শনাক্ত হয়েছিল, আর বাকি ১৫ জন উপসর্গ নিয়ে মারা গেছে।
সোমবার (৪ মে) স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে হামে আক্রান্ত হয়ে এবং উপসর্গ নিয়ে মোট ৩১১ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে পরীক্ষায় হামে আক্রান্ত হিসেবে নিশ্চিত হওয়া ৫২ শিশুর মৃত্যু হয়েছে। এছাড়া হামের উপসর্গ নিয়ে মারা গেছে আরও ২৫৯ শিশু।
একই সময়ে পরীক্ষার মাধ্যমে ৫ হাজার ৪৬৭ শিশুর শরীরে হাম শনাক্ত হয়েছে। পাশাপাশি হামের উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি বা চিকিৎসা নিয়েছে ৪১ হাজার ৭৯৩ শিশু।
আক্রান্ত ও মৃত্যুর দিক থেকে সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে ঢাকা বিভাগ। এ বিভাগে এখন পর্যন্ত হাম ও হামের উপসর্গে ১৬১ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে আক্রান্ত হয়েছে ২২ হাজার ৭০৫ শিশু।
গত ২৪ ঘণ্টাতেও সবচেয়ে বেশি মৃত্যু ও আক্রান্তের ঘটনা ঘটেছে ঢাকা বিভাগে। এ সময়ে হওয়া ১৭ মৃত্যুর মধ্যে ১২টিই এই বিভাগে।