রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আগামী ১৯ থেকে ২০ মে চীনে সরকারি সফর করবেন বলে ক্রেমলিনের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে।
ক্রেমলিন শনিবার (১৬ মে) এক বিবৃতিতে জানিয়েছে, রুশ প্রেসিডেন্ট পুতিন ও চীনা প্রেসিডেন্ট শি জিনপিং মস্কো ও বেইজিংয়ের মধ্যে ‘অংশীদারত্ব এবং কৌশলগত সহযোগিতা আরও জোরদারের’ পরিকল্পনা করছেন।
সফরকালে পুতিন চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের সঙ্গে অর্থনৈতিক ও বাণিজ্য সহযোগিতার বিষয়েও আলোচনা করবেন বলে এএফপির প্রতিবেদনে বলা হয়।
রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাস জানিয়েছে, ২০০১ সালে মস্কো ও বেইজিংয়ের মধ্যে স্বাক্ষরিত ‘প্রতিবেশীসুলভ আচরণ ও বন্ধুত্বপূর্ণ সহযোগিতা চুক্তির’ ২৫তম বার্ষিকী উদযাপনের অংশ হিসেবে এই সফরের সময়সূচি নির্ধারণ করা হয়েছে।
পুতিনের এই আসন্ন সফরের খবর প্রকাশের ঠিক একদিন আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার চীন সফর শেষ করে বেইজিং ত্যাগ করেছেন। প্রায় এক দশকের মধ্যে কোনো মার্কিন প্রেসিডেন্টের এটি ছিল প্রথম বেইজিং সফর।
সফরে ট্রাম্প ও শি বেশ কিছু বড় বাণিজ্য চুক্তির প্রশংসা করলেও তাইওয়ান বা ইরান যুদ্ধের মতো জটিল ইস্যুগুলোতে জনসম্মুখে তেমন কোনো অগ্রগতি দেখা যায়নি।