পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বেশ কিছু জনকল্যাণমুখী পদক্ষেপের ঘোষণা দিয়েছেন। এর মধ্যে রয়েছে নামমাত্র মূল্যে খাবার, নারীদের জন্য মাসিক আর্থিক সহায়তা এবং শিক্ষাপ্রতিষ্ঠান ও ধর্মীয় উপাসনালয়ের কাছে মদের দোকানের ওপর নতুন নিষেধাজ্ঞা।
মঙ্গলবার (২৬ মে) এক জনসভায় বক্তব্য দেওয়ার সময় তিনি এসব পদক্ষেপের কথা জানান।
শুভেন্দু জানান, পশ্চিমবঙ্গজুড়ে ৪০০টি নির্ধারিত ক্যান্টিনে কেবল ৫ রুপিতে মাছ ও ভাত পাওয়া যাবে। আগামী ২৭ মে থেকে অন্নপূর্ণা যোজনার ফর্ম দেওয়া শুরু হবে। এই প্রকল্পের আওতায় যোগ্য নারীরা আর্থিক সহায়তা হিসেবে প্রতি মাসে ৩ হাজার রুপি করে পাবেন।
মুখ্যমন্ত্রী আরও জানান, স্কুল, কলেজ এবং মন্দিরের এক কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে কোনো মদের দোকান খোলার অনুমতি দেওয়া হবে না।
টাইমস অব ইন্ডিয়া এক প্রতিবেদনে জানিয়েছে, এদিন জনসভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে শুভেন্দু বলেন, বাংলায় এখন নতুন ব্যবস্থা চালু হয়েছে, যেখানে ‘শাসকের শাসন নয়, বরং আইনের শাসন চলবে’।
মুখ্যমন্ত্রী বলেন, ‘আমরা এর আগে বাঁকুড়া, পূর্ব বর্ধমান ও পশ্চিম বর্ধমান জেলাকে অন্তর্ভুক্ত করে দুর্গাপুরে একটি বৈঠক করেছিলাম। আজ আমরা এখানে নদীয়া, উত্তর ২৪ পরগনা এবং হুগলি জেলাকে কেন্দ্র করে বৈঠক করেছি। একইভাবে মুর্শিদাবাদ, উত্তর দিনাজপুর ও দক্ষিণ দিনাজপুর জেলা নিয়ে গঠিত মালদহেও বৈঠক করা হবে।
‘এছাড়া পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম ও হাওড়াকে অন্তর্ভুক্ত করে কোলাঘাটেও আরেকটি বৈঠক হবে। আমাদের মূল লক্ষ্য, নির্বাচিত বিধায়ক ও প্রশাসনের মধ্যে স্বল্পমেয়াদী সমন্বয় গড়ে তোলা।’