যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে আকাশসীমা লঙ্ঘনের অভিযোগ এনে যুদ্ধবিরতি ভাঙলে কঠোর প্রতিশোধ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)।
মঙ্গলবার (২৬ মে) এক বিবৃতিতে আইআরজিসি দাবি করেছে, তাদের বাহিনী ইরানি আকাশসীমায় অনুপ্রবেশ করা একটি মার্কিন এমকিউ-৯ রিপার ড্রোন ভূপাতিত করেছে। এছাড়া একটি এফ-৩৫ যুদ্ধবিমান এবং আরেকটি ড্রোনের ওপর গুলিবর্ষণ করে সেগুলোকে তাড়িয়ে দেওয়া হয়েছে।
তবে এই ঘটনাগুলো ঠিক কবে ঘটেছে, বিবৃতিতে তা সুনির্দিষ্ট করে জানায়নি আইআরজিসি।
এর আগে সোমবার রাতে হরমুজ প্রণালির আশপাশে ইরানের ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্র এবং নৌকা লক্ষ্য করে ‘আত্মরক্ষামূলক হামলা’ চালানোর দাবি করে মার্কিন সামরিক বাহিনী।
পরদিন আইআরজিসি তাদের বিবৃতিতে স্পষ্ট সতর্কবার্তা দিয়ে বলেছে, যেকোনো ধরনের যুদ্ধবিরতি লঙ্ঘনের জবাবে তারা পাল্টা আঘাত হানবে।
ইরানের রাষ্ট্রীয় মালিকানাধীন সংবাদমাধ্যমের বরাতে আইআরজিসির বিবৃতিতে বলা হয়, ‘আগ্রাসী মার্কিন সামরিক বাহিনীর যেকোনো ধরনের যুদ্ধবিরতি লঙ্ঘনের বিরুদ্ধে ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী সতর্ক করছে। ইরান এই আগ্রাসনের বিরুদ্ধে পাল্টা জবাব দেওয়াকে নিজের বৈধ এবং নিশ্চিত অধিকার বলে মনে করে।’
এর আগেও যুদ্ধবিরতি চলাকালে মার্কিন ও ইরানি বাহিনীর মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। তবে নতুন করে ঘটা এই হামলা ও উত্তেজনার জেরে চলমান যুদ্ধবিরতি কতটা টিকবে, তা নিয়ে সংশয় দেখা দিয়েছে বলে জানিয়েছে সিএনএন।