ইরানের ওপর যুক্তরাষ্ট্র নতুন করে হামলা চালানোর জেরে হরমুজ প্রণালি ‘সব ধরনের জাহাজের জন্য বন্ধ’ ঘোষণা করেছে ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)।
বৃহস্পতিবার (১১ জুন) সকালে এক প্রতিবেদনে এ তথ্য দিয়েছে সিএনএন।
এদিন আইআরজিসি তাদের টেলিগ্রাম চ্যানেলে দেওয়া এক পোস্টে বলেছে, ‘আঞ্চলিক নিরাপত্তাহীনতার কারণে হরমুজ প্রণালি তেলবাহী জাহাজ ও বাণিজ্যিক জাহাজসহ সব ধরনের নৌযানের জন্য বন্ধ ঘোষণা করা হলো। এই সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে।’
পোস্টে সতর্ক করে বলা হয়, ‘এই প্রণালি পারাপারের চেষ্টা করা হলে যেকোনো জাহাজকে লক্ষ্যবস্তু করা হবে।’
তবে ইরানের এই বক্তব্য প্রত্যাখ্যান করেছে মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)। তারা জানিয়েছে, বাণিজ্যিক জাহাজগুলো আগের মতোই এই প্রণালি দিয়ে পারাপার করছে।
অবশ্য সেন্টকমের এই দাবি অস্বীকার করেছে আইআরজিসি।
এর আগে ইরানের আধা-সরকারি ফার্স নিউ এজেন্সি জানিয়েছিল, হরমুজ প্রণালি দিয়ে ‘অবৈধভাবে পারাপারের চেষ্টাকালে’ দুটি জাহাজে আঘাত হানা হয়।
এদিকে ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরএনএ দাবি করেছে, প্রণালিতে আইআরজিসির নৌ ইউনিটের সঙ্গে মার্কিন বাহিনীর ‘মুখোমুখি সংঘাত’ হয়েছে। আইআরজিসির ‘প্রতিরোধ ও ভারী বর্ষণে’ মার্কিন বাহিনী ‘স্তম্ভিত’ হয়ে পড়ে বলেও তারা উল্লেখ করে।
তবে সেন্টকম বলছে, যুক্তরাষ্ট্রের কোনো যুদ্ধজাহাজে আঘাত লাগেনি।
ফেব্রুয়ারির ২৮ তারিখে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের যুদ্ধ শুরুর পর এই গুরুত্বপূর্ণ জলপথটিতে এক প্রকার অচলাবস্থা তৈরি হয়েছে।
আন্তর্জাতিক আর্থিক সংস্থা জেপি মরগানের হিসাব অনুযায়ী, হরমুজ প্রণালিতে বর্তমানে জাহাজ চলাচল যুদ্ধপূর্ব সময়ের চেয়ে ১৫ শতাংশে নেমে এসেছে।