যুক্তরাষ্ট্রে গত মাসে পণ্যের মূল্য তিন বছরের মধ্যে সবচেয়ে দ্রুত গতিতে বৃদ্ধি পাওয়ার পরিপ্রেক্ষিতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি ‘মূল্যস্ফীতি ভালোবাসেন’।
বৃহস্পতিবার (১১ জুন) বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, ব্যুরো অব লেবার স্ট্যাটিস্টিকসের (বিএলএস) পরিসংখ্যানে দেখা গেছে, গত বছরের মে মাসের তুলনায় চলতি বছরের মে মাসে পণ্যের দাম ৪ দশমিক ২ শতাংশ বৃদ্ধি পেয়েছে। এপ্রিলে এই হার ছিল ৩ দশমিক ৮ শতাংশ।
মূলত যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের যুদ্ধের জেরে জ্বালানির দাম বৃদ্ধি পাওয়ায় মূল্যস্ফীতি এই পর্যায়ে পৌঁছেছে।
আগের দিন বুধবার মূল্যস্ফীতির এই পরিসংখ্যানের প্রতিক্রিয়ায় হোয়াইট হাউসে ট্রাম্প সাংবাদিকদের বলেন, ‘আমি এটি পছন্দ করি। পরিসংখ্যানগুলো চমৎকার। আপনারা জানেন, আমি আসলে কী পছন্দ করি? আমি মূল্যস্ফীতি ভালোবাসি।’
তবে তিনি প্রতিশ্রুতি দিয়ে বলেন, ইরানের সঙ্গে যুদ্ধ শেষ হলে এই বর্ধিত দাম ‘পাথরের মতো দ্রুত নিচে নেমে আসবে’।
এর কিছু সময় পর মার্কিন সামরিক বাহিনী ইরানে বোমাবর্ষণ করে।
ট্রাম্পের দাবি, মার্কিন বাহিনী ইরান থেকে ‘লাখ লাখ ব্যারেল’ তেল নিজেদের নিয়ন্ত্রণে নিতে রাতে সেখানে অভিযান চালায়। এই পদক্ষেপ তেলের দাম কিছুটা নিয়ন্ত্রণে রাখতে ভূমিকা রেখেছে।
তিনি বলেন, ‘এই সংঘাত যখন শেষ হবে, আপনারা দেখতে পাবেন, তেলের দাম আগের জায়গায় নেমে এসেছে।’
পরে অবশ্য নিউ ইয়র্ক পোস্টকে ট্রাম্প জানান, তার বক্তব্যটি ‘প্রসঙ্গের বাইরে’ গিয়ে প্রচার করা হয়েছে। তিনি আসলে বোঝাতে চেয়েছিলেন, ইরান যুদ্ধ সত্ত্বেও মূল্যস্ফীতি ‘প্রত্যাশার চেয়ে অনেক কম’।