থাইল্যান্ডে তিন ভারতীয় পর্যটককে অপহরণ এবং নির্যাতন চালিয়ে প্রত্যেকের পরিবারের কাছ থেকে ৪০ লাখ রুপি মুক্তিপণ দাবির অভিযোগে পাঁচ ভারতীয় নাগরিককে গ্রেপ্তার করেছে পুলিশ।
এ ঘটনায় দুবাইয়ের এক পাকিস্তানি নাগরিকের সম্পৃক্ততার দাবি করেছে ব্যাংকক পুলিশ।
গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন অবতার সিং (৩৮), জগজিৎ সিং (৩৮), রামবালাক কুমার (২৪), সুখবির সিং (৩৭) এবং কুলরা সিং (২৭)।
পুলিশের বরাত দিয়ে ব্যাংকক পোস্ট জানিয়েছে, ব্যাংককের খ্লং তান এলাকার একটি হোটেল থেকে গত মঙ্গলবার ওই পাঁচ ভারতীয়কে গ্রেপ্তার করা হয়। তারা থাইল্যান্ড ছেড়ে যাওয়ার উদ্দেশ্যে একটি আন্তর্জাতিক ফ্লাইটে ওঠার অপেক্ষায় ছিলেন।
দি ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে বলা হয়, তদন্তকারীদের ভাষ্য, গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন, প্রায় এক মাস আগে একটি চ্যাট অ্যাপের মাধ্যমে পরিচয় হওয়া পাকিস্তানের এক নাগরিকের পরামর্শে তারা এই কাজ করেছেন।
পুলিশের দাবি, দুবাইয়ে অবস্থানরত ওই পাকিস্তানি পুরো পরিকল্পনার মূল হোতা। তিনি মুক্তিপণের অর্থ ক্রিপ্টোকারেন্সিতে নেওয়ার পরিকল্পনা করেছিলেন।
ভারতের ওই পাঁচ নাগরিককে অভিযানের পর থাইল্যান্ড ছেড়ে যাওয়ার জন্য মূল্যবান সামগ্রী, নগদ অর্থ এবং বিমানের টিকিট দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল।
পুলিশ জানায়, স্বল্প খরচে সাত দিনের ভ্রমণ প্যাকেজের প্রলোভন দেখিয়ে ভুক্তভোগী তিন ভারতীয়কে থাইল্যান্ডের পাতায়ায় নিয়ে আসা হয়।
সেখানে তাদের একটি বাড়িতে আটকে রাখা হয় এবং হাত-পা বেঁধে নির্যাতন চালানো হয়।