পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ায় একটি বিয়ের অনুষ্ঠানে বোমা বিস্ফোরণে মৃত্যু হয়েছে কমপক্ষে ৫ জনের। শুক্রবার (২৩ জানুয়ারি) সন্ধ্যায় দেশটির দেরা ইসমাইল খান শহরে এ ঘটনা ঘটে। এতে গুরুতর আহত হয়েছে আরও ১০ জন। তারা হাসপাতালে চিকিৎসাধীন।
দেরা ইসমাইল খান পিস কমিটির প্রধান নুর আলম মেহসুদের বাড়িতে চলছিল বিয়ের আয়োজন। এই সংগঠনে রয়েছে আত্মসমর্পণ করা তালেবানের সদস্যরা। তবে হামলার দায় স্বীকার করেনি কোনো গোষ্ঠী।
পুলিশ জানিয়েছে, বিস্ফোরণের ধরণ নির্ধারণ করা হয়েছে; তবে প্রাথমিক তদন্তে মনে হচ্ছে এটি একটি আত্মঘাতী বোমা হামলা।
সম্প্রতি অঞ্চলটিতে তেহরিক-ই-তালিবান পাকিস্তান-টিটিপির তৎপরতা বেড়েছে। পরপর বেশ কয়েকটি হামলার ঘটনায় নাম এসেছে জঙ্গি সংগঠনটির। টিটিপিকে সমর্থন দেওয়ায় আফগানিস্তানকে দায়ী করে পাকিস্তান। অভিযোগ অস্বীকার করেছে আফগানিস্তান। দাবি, নিরাপত্তা ইস্যু পাকিস্তানের অভ্যন্তরীণ বিষয়।
সূত্র: ডন।