মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলীয় কমান্ড (সাউথকম) পূর্ব প্রশান্ত মহাসাগরে একটি সন্দেহভাজন মাদক পাচারকারী জাহাজ লক্ষ্য করে অভিযান চালিয়েছে, যার ফলে দুইজন নিহত এবং একজন বেঁচে গেছে। সোমবার (৯ ফেব্রুয়ারি) মার্কিন সামরিক বাহিনী এ কথা জানিয়েছে। খবর: নিউইয়র্ক পোস্টের।
মার্কিন দক্ষিণ কমান্ড সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ এক পোস্টে জানায়, তাদের এই হামলায় দুই জন মাদক সন্ত্রাসী নিহত হয়েছে এবং একজন হামলা থেকে বেঁচে গেছে।
এতে আরও বলা হয়, জীবিত ব্যক্তির জন্য ‘অনুসন্ধান ও উদ্ধার ব্যবস্থা সক্রিয় করতে’ যুক্তরাষ্ট্রের কোস্ট গার্ডকে অবহিত করা হয়েছে। সোমবারের প্রাণঘাতী হামলাসহ মার্কিন বাহিনীর ৩৮টি হামলায় নিহতের সংখ্যা কমপক্ষে ১৩০ জনে দাঁড়িয়েছে।
গত সেপ্টেম্বরে অভিযান শুরু হওয়ার পর থেকে সোমবারের এই হামলাটি এ বছর তৃতীয় মার্কিন হামলা।