সুন্দরবনের দুর্ধর্ষ ডাকাত ‘করিম শরীফ’ বাহিনীর ২ সহযোগীকে আটক করেছে কোস্ট গার্ড। এ সময় তাদের কাছ থেকে একটি একনালা বন্দুক, তিন রাউন্ড তাজা গুলি এবং চার রাউন্ড ফাঁকা গুলি উদ্ধার করা হয়।
শনিবার (২৯ নভেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা (ঢাকা) লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক। আটকরা হলেন- মোংলার বাসিন্দা ফারুক বেপারী (৩০) ও ইমদাদুল বেপারী (২৭)।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়- দুর্ধর্ষ ডাকাত করিম শরীফ বাহিনীর সদস্যরা মোংলার সুন্দরবনের পশুর নদী সংলগ্ন ভাইজোড়া খাল এলাকায় অবস্থান করছে। এ তথ্যের ভিত্তিতে শনিবার ভোর ৬টায় কোস্ট গার্ড সদস্যরা ওই এলাকায় অভিযান চালায়। অভিযান চলাকালে দু’জনকে আটক করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা দীর্ঘদিন যাবৎ করিম শরীফ বাহিনীর সঙ্গে ডাকাতি ও ডাকাত দলকে অস্ত্র, গোলাবারুদ ও রসদ সরবরাহের মাধ্যমে সহযোগিতা করে আসছিলো।
তিনি আরও বলেন, আটক ডাকাত ও জব্দ করা অস্ত্র-গুলিকে আইনানুগ প্রক্রিয়ার মাধ্যমে হস্তান্তরের প্রস্তুতি চলছে। সুন্দরবনকে দস্যুমুক্ত করতে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরণের অভিযান অব্যাহত রাখবে।