ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় ভোটকেন্দ্রে দায়িত্ব পালনকালে মো. মুজাহিদুল ইসলাম (৪৮) নামে এক পোলিং অফিসারের মৃত্যু হয়েছে। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে উপজেলার নজরুল ইসলাম অডিটোরিয়াম কেন্দ্র (ভোটকেন্দ্র নং–৫১)-এ পোলিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করছিলেন তিনি। ভোটগ্রহণ শুরুর প্রস্তুতির সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন মুজাহিদুল ইসলাম।
প্রত্যক্ষদর্শীরা জানান, তিনি আকস্মিকভাবে বুকে ব্যথা ও মাথা ঘোরা অনুভব করলে কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও সহকর্মীরা দ্রুত তাকে প্রাথমিক চিকেৎসা দেন।
পরে অবস্থার অবনতি হলে সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি স্ট্রোক করেছিলেন। তবে ময়না তদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
সরাইল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ নিজাম উদ্দিন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, হাসপাতালে আনার আগেই তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক ছিল।
মৃত মুজাহিদুল ইসলামের বাবা মৃত গোলাম মওলা। তিনি সরাইল উপজেলার হালুয়া পাড়া গ্রামের বাসিন্দা।
পারিবার সূত্রে জানা গেছে, তিনি দীর্ঘদিন ধরে সরকারি দায়িত্ব পালন করে আসছিলেন এবং এলাকায় সৎ ও দায়িত্বশীল কর্মকর্তা হিসেবে পরিচিত ছিলেন।
তার আকস্মিক মৃত্যুতে স্থানীয় প্রশাসন, নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী ও সহকর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শোক প্রকাশ করা হয়েছে এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়েছে।