ভালো কিছু করার নিয়ত থাকলে বয়স যে কখনো বাধা হয়ে দাঁড়ায় না, তা আবারও প্রমাণ করলেন সিলেটের বেলাজান বিবি। বৃহস্পতিবার সকালে ১০০ বছর বয়সী এই নারী এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিতে সাত কিলোমিটার পথ হেঁটে হাজির হন কেন্দ্রে। সঙ্গে ছিলেন পুত্রবধূ।
কেবল এবারের ভোট নয়, স্বাধীনতার পর অনুষ্ঠিত সব নির্বাচনেই ভোটাধিকার প্রয়োগ করেছেন পূর্ব সিলেটের কসকনপুর গ্রামের এই বাসিন্দা।
ভোট দেওয়া শেষে উচ্ছ্বসিত বেলাজান বিবি ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসিকে বলেন, ‘আজও ভোট দিতে পেরে আমি আনন্দিত।’
এদিন সকাল সাড়ে ৭টা থেকে শুরু হয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ। একই সঙ্গে অনুষ্ঠিত হয় জুলাই জাতীয় সনদের সংবিধান–সম্পর্কিত সংস্কার প্রস্তাব বাস্তবায়নে গণভোট। সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে জাতীয় সংসদের ৩০০ আসনের মধ্যে ২৯৯ আসনে ভোট হয়। শেরপুর–৩ আসনের এক প্রার্থীর সম্প্রতি মৃত্যু হওয়ায় ওই আসনে ভোট পরে হবে।
নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ ভোট গ্রহণ শেষ হওয়ার ১৫ মিনিট আগে সাংবাদিকদের জানান, বেলা ২টা পর্যন্ত দেশের ৩৬ হাজার ৩১টি কেন্দ্রে ভোট পড়েছে ৪৭ দশমিক ৯১ শতাংশ।