বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী মাঝে মধ্যেই ভারতের কলকাতার সিনেমায় অভিনয় করেন। সেই ধারাবাহিকতায় তিনি এরইমধ্যে দুটি সিনেমায় শুটিংও শেষ করেছেন। সিনেমা দুটি পর্যায়ক্রমে সেখানকার প্রেক্ষাগৃহে মুক্তি পাবে বলে জানা গেছে।
এরমধ্যে একটির নাম ‘শেকড়’। সাহিত্যনির্ভও গল্পের এই সিনেমাটি পরিচালনা করেছেন ব্রাত্য বসু। অপর সিনেমাটির নাম ‘আজাদী’। দেশ ভাগের গল্প নিয়ে নির্মিত এই সিনেমাটি পরিচালনা করেছেন সুমন মুখোপাধ্যায়।
জানা গেছে ‘শেকড়’ সিনেমাটি চলতি বছর মুক্তি পেলেও ‘আজাদী’ মুক্তি পাবে আগামী বছর।
প্রখ্যাত দুই পরিচালকের সঙ্গে কাজের অভিজ্ঞতা প্রসঙ্গে চঞ্চল চৌধুরী বলেন, ‘ব্রাত্য বসু এবং সুমন মুখোপাধ্যায় দুজনেই অত্যন্ত মেধাবী পরিচালক। দুজনেরই অসম্ভব জানাশোনা। তাদের সঙ্গে কাজ করে অনেক ভালো লেগেছে।’
নিজের চরিত্র নিয়ে চঞ্চল বলেন, ‘দুটি সিনেমায় দুই রকম চরিত্রে অভিনয় করেছি। চরিত্রগুলোর সঙ্গে মিশে যাওয়ার চেষ্টা করেছি। আমার বিশ্বাস, দুটি ভালো সিনেমা আসছে।’
এদিকে চঞ্চল চৌধুরী অভিনীত ‘বনলতা এক্সপ্রেস’ এখনো দেশের প্রেক্ষাগৃহে চলছে। দর্শকরা বেশ আগ্রহ নিয়ে সিনেমাটি দেখছেন। এ ছাড়া তার অভিনীত ‘দম’ সিনেমাটিও প্রদর্শিত হচ্ছে।