দুই বছর আগে ভারতের কলকাতায় বাংলাদেশী পরিচালক রাশেদ রাহার পরিচালনায় নির্মিত হয় ‘ফ্ল্যাশব্যাক’ নামের একটি সিনেমা। এটির চিত্রনাট্যকারও বাংলাদেশের। তার নাম খায়রুল বাসার নির্ঝর।
সিনেমাটিতে শবনম বুবলীর সঙ্গে অভিনয় করেছেন কৌশিক গাঙ্গুলী ও সৌরভ দাসও। জানা গেছে, সিনেমাটিতে বুবলী একজন চলচ্চিত্র নির্মাতার চরিত্রে অভিনয় করেছেন।
নানা জটিলতায় এতোদিন সিনেমাটি আটকে ছিলো। অবশেষে এটি আসছে দর্শকের সামনে।
আগামী মে মাসে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার পর সিনেমাটি মুক্তি দেওয়া হবে।
এই সিনেমা দিয়েই টালিউডে অভিষেক হচ্ছে বাংলাদেশের চিত্রনায়িকা বুবলীর। সিনেমাটিতে কৌশিক গাঙ্গুলীকে দেখা যাবে অঞ্জন চরিত্রে এবং সৌরভ দাস অভিনয় করেছেন ডিকে চরিত্রে। ভিন্ন জীবনধারার তিন মানুষের গল্প একসময় গিয়ে মিশে যায় পাহাড়ি এক জনপদে, সেখান থেকেই গল্প নেয় নতুন মোড়।
এদিকে বাংলাদেশে আগামী ৮ মে মুক্তি পাচ্ছে বুবলী অভিনীত আরেক সিনেমা ‘সর্দারবাড়ির খেলা’। লোকজ ঐতিহ্য লাঠিখেলাকে কেন্দ্র করে নির্মিত এই সিনেমায় তাঁর বিপরীতে অভিনয় করেছেন জিয়াউল রোশান।