পথের সঙ্গে জীবনের মিল খোঁজার চেষ্টা করেন অনেকে, রূপক অর্থে। আর করবেনই না বা কেন, জীবন যেমন অনিশ্চিত, পথও এক অনিশ্চিত জায়গা। যে কোনো সময় ঘটে যেতে পারে অপ্রত্যাশিত কিছু। জীবনের প্রয়োজন, আকাঙ্খা একজনকে কখন, কোথায়, কীভাবে নিয়ে যায় কে বলতে পারে। আবার, এই পথেই এমন সব ঘটনা ঘটে যায়, যা একজের জীবন বদলে দিতে পারে।
এমনই কিছু ঘটনা সাজিয়ে গল্প বলতে আসছেন জনপ্রিয় নির্মাতা গিয়াস উদ্দিন সেলিম। গল্পের নাম ’পথের প্যাঁচাল’। চরকি ফ্ল্যাশ ফিকশন হিসেবে এটি মুক্তি পেতে যাচ্ছে ৬ মে রাত ১২টায়। এতে অভিনয় করেছেন ইয়াশ রোহান, বহ্নি হাসান, মনির খান শিমুল, অশোক বেপারী , প্রনব ঘোষ, সানজিদা ইয়াসমিন স্নিগ্ধা। এরইমধ্যে চরকির ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশ পেয়েছে ফ্ল্যাশ ফিকশনটির পোস্টার।
গিয়াস উদ্দিন সেলিম বলেন, ’জীবন মানেই এক দীর্ঘ পথ এবং এই পথে তৈরি হয় অসংখ্য গল্প। এই ফিকশনে কিছু বিষয় অন্য দৃষ্টিতে দেখার চেষ্টা করেছি। এখানে দুই শ্রেণির দুই মানুষের কথা আছে। শ্রেণি আলোচনা ও অনুভূতির বয়ান রয়েছে। অনেকে একে ‘অসম’ কিছু একটা ভাবতে পারেন, তবে আমি একে বলব সহজ-সরল সম্পর্ককে মানবিকভাবে দেখার চেষ্টা। সামাজিক ট্যাবুর বাইরে গিয়ে সম্পর্কের এক মানবিক রূপ এখানে ফুটে উঠবে।’
এতে বায়েজিদ চরিত্রে অভিনয় করেছেন ইয়াশ রোহান। বহ্নি হাসান অভিনয় করেছেন উমা চরিত্রে। শিপ্রা দেবনাথের গল্পে ’পথের প্যাঁচাল’-এ চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন গিয়াস উদ্দিন সেলিম।