১ মে ভারতের প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে রিতেশ দেশমুখ ও জেনেলিয়া দেশমুখের নতুন সিনেমা রাজা শিবাজি। তবে এই সিনেমার মুক্তির আগে এটি দর্শকের মধ্যে বেশ সাড়া ফেলেছে। গতকাল টিকিটি বিক্রির শুরুতেই সিনেমাটির প্রায় অর্ধ লক্ষাধিক অগ্রিম টিকিট বিক্রি হয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম সুত্রে খবরটি জানা গেছে।
জানা গেছে সিনেমাটির মারাঠি সংস্করণ সবচেয়ে বেশি সাড়া পাচ্ছে বলে জানা গেছে। এর কারণ হলো গল্পের সঙ্গে স্থানীয় সংস্কৃতির সম্পৃক্ততা এবং বড় তারকাদের উপস্থিতি।
টিকিট বুকিং ওয়েবসাইটগুলো দেখলে বোঝা যায়, মহারাষ্ট্রজুড়ে অনেক শো দ্রুত পূর্ণ হয়ে যাচ্ছে। মুম্বাই ভালো সাড়া ফেললেও চমক দেখাচ্ছে পুনে। সেখানে চাহিদা এতটাই বেশি যে, অনেক সিনেমা হলে সকাল সাতটা থেকেই শো শুরু করা হচ্ছে। মুম্বাইয়ের কিছু হলও একই পথে হাঁটছে, তবে পুনের মতো না।
দর্শকের এমন আগ্রহের কারণে সিনেমাটি প্রথম দিনেই ভালো আয় করবে বলে ধারণা করা হচ্ছে।
‘রাজা শিবাজি’ সিনেমাতে রিতেশ দেশমুখ অভিনয় করছেন শিবাজি মহারাজের ভূমিকায়। তার সঙ্গে আরও আছেন জেনেলিয়া দেশমুখ, সঞ্জয় দত্ত, অভিষেক বচ্চন, বিদ্যা বালান, ফারদিন খান, ভাগ্যশ্রী, শচীন খেদকর, অমল গুপ্ত, জিতেন্দ্র যোশী প্রমুখ।