লাক্স সুপারস্টার শানারেই দেবী শানুর সবার কাছে লেখক ও অভিনয় শিল্পী হিসেবেই পরিচিত। তবে শোবিজে পরিচিত হওয়ার আগে তিনি একজন নৃত্যশিল্পী হিসেবেই বেশী পরিচিত ছিলেন। সিলেটের মনিপুরী সম্প্রদায়ের মেয়ে শানু ছোটবেলা থেকেই মনিপুরী নৃত্যে পারদর্শী। তাছাড়া শিশু একাডেমি ও শিল্পকলা একাডেমি থেকে নৃত্যে প্রশিক্ষণপ্রাপ্ত শানু।
১৯৯৩ সালে জাতীয় শিশু কিশোর প্রতিযোগিতায় নৃত্যে চ্যাম্পিয়নও হন তিনি। তবে লাক্স সুপারস্টার হওয়ার পর অভিনয়ে ব্যস্ততা বৃদ্ধি পাওয়ায় নাচে সেভাবে আর সময় দিতে পারেন নাই শানারেই দেবী শানু।
আন্তর্জাতিক নৃত্য দিবস উপলক্ষে নাচে বিশেষ অবদানের জন্য এবার তিনি সম্মাননা পাচ্ছেন। নৃত্যাঙ্গন নামের ঢাকার একটি নাচের সংগঠন এই সম্মাননা দিচ্ছে শানুকে। আগামী ১৭ মে বাংলাদেশ শিশু একাডেমি মিলনায়তনে এই সম্মাননা তুলে দেয়া হবে বলে জানিয়েছেন শানু।
এ প্রসঙ্গে শানু নাগরিক প্রতিদিনকে বলেন, ‘আমি ছোটবেলাতেই নাচ শিখেছি। আমার প্রথম নাচের প্রশিক্ষক আমার মা। তারপর প্রাতিষ্ঠানিকভাবেও শিখেছি। নৃত্যাঙ্গনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি এই সম্মাননার জন্য।’
এদিকে শানু নাটকে নিয়মিত অভিনয় করছেন। আশীষ রায়ের পরিচালনায় ‘পরম্পরা’ নামের একটি দীর্ঘ ধারাবাহিকে তাকে অভিনয়ে দেখা যাচ্ছে। নাটকটি প্রচার হয় দীপ্ত টেলিভিশনে।