'অনেক প্রজন্মের একটাই বন্ধন'- এই ট্যাগলাইন নিয়ে দীপ্ত টিভির ধারাবাহিক 'পরম্পরা' নাটকের প্রচার শুরু হয়েছিল চলতি বছরের ১ জানুয়ারি। ৫ মে রাত ৯টা ৩০ মিনিটে এই নাটকের ১০০তম পর্ব দীপ্ত টিভিতে প্রচার হবে।
নাটকের শুরু থেকেই গল্পের গভীরতা আর চরিত্রের বৈচিত্র্যের কারণে এটি সাধারণ দর্শক থেকে শুরু করে সব শ্রেণির মানুষের পছন্দের তালিকায় জায়গা করে নিয়েছে। পারিবারিক বন্ধন আর আধুনিক জীবনের টানাপড়েনের চমৎকার সংমিশ্রণ নাটকটিকে করেছে অনন্য।
নাটকটির চিত্রনাট্য ও সংলাপ লিখছেন যথাক্রমে আফিফা মোহসিনা অরণি ও সরোয়ার সৈকত। আশিস রায়ের পরিচালনায় নাটকটিতে অভিনয় করেছেন ডলি জহুর, শতাব্দী ওয়াদুদ, সুষমা সরকার, শাফিউল রাজ, নূপুর আহসান, জান্নাতুল ফেরদৌস কাজল, কাজী রাজু, মিলি বাসার, সানজিদা মিলা, শানারেই দেবী শানু, রাগিব ইয়াসার, উপমা, সংগিতা চৌধুরী ও তানভীর রিজভি।
‘পরম্পরা’ ধারাবাহিক নাটকটি প্রচার হচ্ছে সপ্তাহের ৬ দিন শনি থেকে বৃহস্পতিবার রাত ৯টা ৩০ মিনিটে দীপ্ত টিভিতে। এছাড়াও দর্শকরা নাটকটি উপভোগ করছেন ওটিটি প্ল্যাটফর্ম দীপ্ত প্লে ও দীপ্ত টিভির অফিসিয়াল ইউটিউব চ্যানেলে।