সমাজে মায়েদের অবদানের স্বীকৃতি প্রদানের লক্ষ্যে ‘আন্তর্জাতিক মা দিবসে’ আরটিভি আয়োজন করেছে ‘আরটিভি স্বপ্নজয়ী মা সম্মাননা ২০২৬’। আজ রাজধানীর বেঙ্গল মাল্টিমিডিয়া স্টুডিওতে আনুষ্ঠানিক ভাবে ৫জন স্বপ্নজয়ী মায়ের হাতে তুলে দেয়া হয় সম্মাননা পদক। পুরো আয়োজনটি আরটিভি’র পর্দায় প্রচার করা হবে আজ রাত ৭টা ২০মিনিটে।
সম্মাননা প্রাপ্তরা হলেন- ডা. উত্তম কুমার সরকার, ডা. উজ্জ্বল কুমার সরকার, প্রভাষক সুবর্ণা সরকার এবং সাংবাদিক প্রতিমা সরকার এর গর্ভধারীণী মা আদরিনী সরকার, প্রভাষক এম এ মোত্তালিব মিহির এর মা মোছা. জামিলা বিবি, শরিফুল রাজ-এর মা জাহানারা বেগম, অভিনেত্রী তানজিন তিশা’র মা উম্মে সালমা বেগম, বাংলাদেশ পুলিশের অতিরিক্ত আইজিপি (এন্টি করাপশন) খোন্দকার রফিকুল ইসলামের মা জিন্নাতুন্নেসা।
এ প্রসঙ্গে আরটিভির প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ আশিক রহমান বলেন, ‘ বাঙালির শব্দ ভান্ডারে সবচেয়ে মধুর শব্দ মা। প্রত্যেক মা তার সর্বোচ্চ চেষ্টা দিয়ে জীবনের শেষ পর্যন্ত চেষ্টা চালিয়ে যান সন্তানকে সাফল্যে রাঙিয়ে দিতে। আরটিভি পৃথিবীর সকল মায়েদের সেই ত্যাগ ও প্রচেষ্টার প্রতি শ্রদ্ধাজ্ঞাপন স্বরূপ আজকের এই আয়োজন করেছে। যদিও আমরা প্রতিবছর মে মাসের দ্বিতীয় রবিবার মা দিবস হিসেবে পালন করছি, কিন্তু আমি বিশ্বাস করি, বছরের প্রতিটি দিনই মায়েদের জন্য ভালোবাসা ও শ্রদ্ধা জানানোর দিন। কেননা, মায়ের যে অবদান, কোনো কিছু দিয়েই তার প্রতিদান দেয়া সম্ভব নয়।
এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি মন্ত্রী অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী।
উক্ত অনুষ্ঠানে মনোনীতদের হাতে পদক তুলে দেন বীর মুক্তিযোদ্ধা ও সঙ্গীতশিল্পী লীনু বিল্লাহ, শিক্ষক নাট্য ব্যক্তিত্ব রহমত আলী, চেম্বার অব কমার্সের সাবেক সভাপতি সাহেদুল ইসলাম হেলাল, সাংস্কৃতিক ব্যক্তিত্ব শান্তা ইসলাম প্রমুখ।
অনুষ্ঠান বিভাগের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠানটি গ্রন্থণা করেছেন সুজন আহমেদ, উপস্থাপনায় ছিলেন ফারজানা বিথী এবং প্রযোজনা করেছেন রেজা ইসলাম। অনুষ্ঠানের মাঝে কবিরুল ইসলাম রতনের কোরিওগ্রাফিতে ৩টি দলীয় নৃত্য পরিবেশন করেন ওয়াহিদা মল্লিক জলি, আসাদ খান, সিনথিয়া ইয়াসমিন ও নৃত্যালোক সাংস্কৃতিক কেন্দ্রের শিল্পীবৃন্দ। গান পরিবেশন করেন আরটিভি বাংলার গায়েন ও আরটিভি ইয়াং স্টারের শিল্পীবৃন্দ।