বাংলাদেশের সঙ্গীতাঙ্গনের উজ্জ্বল নক্ষত্র ফাহমিদা নবী। দীর্ঘ ও সফল একটি গানের ক্যারিয়ার রয়েছে তার। তার গানের ভক্তও অসংখ্য।
গানের জন্য স্বীকৃতিস্বরূপ পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারসহ অসংখ্য সম্মাননা। তবে এইসব অর্জনের পাশাপাশি রয়েছে তার জীবনের অপ্রকাশিত অনেক গল্প।
সেইসব গল্পই তিনি শোনালেন সবাইকে। সম্প্রতি মাছরাঙা টেলিভিশনের ‘স্টার নাইট’ নামের একটি অনুষ্ঠানে উপস্থিত হয়ে বলেছেন এসব গল্প কথা।
এ প্রসঙ্গে ফাহমিদা নবী বলেন, ‘দীর্ঘ সংগীতজীবনে অনেক অভিজ্ঞতার মধ্য দিয়ে যেতে হয়েছে আমাকে। সবাই আমাকে শিল্পী হিসেবে দেখেন, কিন্তু এর পেছনে যে সংগ্রাম, মানুষের ভালোবাসা আছে, সেসব গল্প খুব কমই বলা হয়। এই অনুষ্ঠানে আমি আমার জীবনের কিছু না বলা স্মৃতি সবার সঙ্গে ভাগাভাগি করেছি।’
প্রসঙ্গত, ১৯৭৯ সালে ফাহমিদা নবী তার সংগীতজীবন শুরু করেন। চার দশকের বেশি সময় ধরে তিনি সাফল্যের সঙ্গে গান গেয়ে যাচ্ছেন। উপমহাদেশীয় আধুনিক ও ক্ল্যাসিকাল গানে শ্রোতাদের প্রশংসা কুড়িয়েছেন তিনি। এছাড়া রবীন্দ্রসংগীত ও নজরুলসংগীতেও রয়েছে তার সমান বিচরণ।