পারিবারিক গল্পের নাটক নির্মাণ করে দারুণ জনপ্রিয়তা পেয়েছেন পরিচালক মুহাম্মদ মোস্তফা কামাল রাজ। তার পরিচালনায় নির্মিত ‘এটা আমাদেরই গল্প’ নামের ধারাবাহি নাটকটির সদ্য প্রচার শেষ হয়। এই নাটকটি পেয়েছে আকাশচুম্বী জনপ্রিয়তা।
এই নাটকের পরপরই রাজ নির্মাণ করছেন ‘দ্য অভিযান’ নামের আরেকটি নাটক। বর্তমানে এই নাটকের শুটিং চলছে কক্সবাজারে।
নাটকটি সম্পর্কে পরিচালক রাজ বলেন, এতে থাকছে ফ্রেন্ডশিপের গল্প।
নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন খায়রুল বাসার, অ্যালেন শুভ্র, রেহান, সুনেরাহ বিনতে কামাল, তাবাসসুম ছোঁয়া, মালাইকা চৌধুরী, শিরতাজ জেবিন।
সম্প্রতি ‘দ্য অভিযান’ নাম প্রকাশ করে একটি পোস্টার ছেড়েছেন সংশ্লিষ্টরা। যেখানে দেখা যাচ্ছে, এক রাতে ট্রেনের একটি বগি রেললাইন দিয়ে কক্সবাজারের দিকে ছুটে চলেছে।
সিদ্দিক আহমেদের চিত্রনাট্যে ট্রেন জার্নির সাথে নতুন কয়েকজন বন্ধুর গল্প উঠে আসবে এই নাটকে।
নির্মাতা সূত্রে জানা গেছে, একটি বেসরকারি টেলিভিশনে প্রচারের পর ‘দ্য অভিযান’ আসন্ন ঈদুল আযহায় সিনেমাওয়ালা ইউটিউবে মুক্তি পাবে।