সম্প্রতি ভারতের রাজস্থানের উদয়পুরে একটি জমকালো বিয়ের অনুষ্ঠানে বলিউড অভিনেতা রণবীর সিংয়ের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বড় ছেলে ডোনাল্ড ট্রাম্প জুনিয়রের বাগদত্তা বেটিনা আন্ডারসন নাচ পরিবেশন করেন। তাদের দুজনের একসঙ্গে এই নাচের ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে।
উদয়পুরের এই মেগাবাজেটের বিয়েটি ছিল আমেরিকা প্রবাসী ভারতীয় বংশোদ্ভূত ব্যবসায়ী রামা রাজু মন্তেনার মেয়ে নেত্রা মন্তেনার। এই অনুষ্ঠানে আমন্ত্রিত হিসেবে বেটিনা আন্ডারসনকে নিয়ে ভারত সফরে এসেছেন ডোনাল্ড ট্রাম্প জুনিয়র।
অনুষ্ঠানের মঞ্চে উঠে রণবীর সিং প্রথমে ট্রাম্প জুনিয়র এবং বেটিনার সঙ্গে কুশল বিনিময় করেন। এরপর তিনি বেটিনা আন্ডারসনের হাত ধরে তার অভিনীত ছবি ‘রকি অর রানি কি প্রেম কাহানি’ সিনেমার জনপ্রিয় গান ‘হোয়াট ঝুমকা’-তে নাচ শুরু করেন। রণবীরের প্রাণবন্ত নাচের স্টেপ দেখে বেটিনা আন্ডারসনও দ্রুত নাচে অংশ নেন এবং মঞ্চ মাতান।
রণবীরের সঙ্গে বেটিনার এই পরিবেশনা দেখে ডোনাল্ড ট্রাম্প জুনিয়র মুগ্ধ হন এবং হাততালি দিয়ে তাদের উৎসাহ দেন। এই নাচের দৃশ্যটি ক্যামেরাবন্দী হওয়ার পর দ্রুত তা সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে এবং নেটদুনিয়ায় ব্যাপক আলোচনা তৈরি করে।
দীর্ঘদিন ধরেই সম্পর্কে রয়েছেন ডোনাল্ড ট্রাম্প জুনিয়র এবং বেটিনা আন্ডারসন এবং তাদের খুব শিগগিরই বিয়ে হওয়ার কথা রয়েছে।
রণবীর সিং তার সিনেমার বাইরেও যেকোনো অনুষ্ঠানে নাচের জন্য সুপরিচিত।