মোহাম্মপুর থানায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যা মামলায় পুলিশ রিপোর্ট দাখিল হওয়া পর্যন্ত এজাহারভুক্ত আসামি সাবেক খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদারকে জামিন দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (২ এপ্রিল) ঢাকার চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক আরিফুর রহমান এ জামিন মঞ্জুর করেন।
এজাহার থেকে জানা গেছে, গত বছরের ১৯ জুলাই মোহাম্মদপুর থানার বেড়িবাঁধ এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নিতে গিয়ে গুলিবিদ্ধ হন ব্যবসায়ী ইমরুল কায়েস ফয়সাল (২৯)। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসা শেষে ২৬ সেপ্টেম্বর তিনি মোহাম্মদপুর থানায় মামলা দায়ের করেন। এ মামলায় সাবেক সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ মোট ১৮৪ জনকে আসামি করা হয়েছে। আসামির তালিকায় সাবেক খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদারও ছিলেন।
এর আগে বুধবার (১ এপ্রিল) আরও দুটি হত্যা মামলায় তাকে জামিন দেওয়া হয়। ঢাকার চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক ফাহমিনা খন্দকার আন্না এ জামিন মঞ্জুর করেন।
সাবেক খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদারের বিরুদ্ধে মোট ১১টি মামলা রয়েছে। এর মধ্যে দুদকের একটি। বাকি ১০টি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যা ও হত্যাচেষ্টা মামলা।
গত ৩ অক্টোবর রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি) সাধন চন্দ্র মজুমদারকে গ্রেপ্তার করে।