স্থানীয় সময় বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বাদ জোহর যুক্তরাষ্ট্রে হত্যার শিকার বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমনের প্রথম জানাজা ফ্লোরিডাযর টাম্পার ইস্তাবা ইসলামিক সোসাইটি অফ টাম্পা বে এরিয়া মসজিদে অনুষ্ঠিত হয়েছে। ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসের প্রেস মিনিস্টার গোলাম মোর্তোজা এই তথ্য জানিয়েছেন।
এক ফেসবুক পোস্টে তিনি জানান, যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের টাম্পা শহরে হত্যার শিকার ইউনিভার্সিটি অফ সাউথ ফ্লোরিডার বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহামেদ লিমনের জানাজার নামাজ বৃহস্পতিবার (৩০ এপ্রিল) (যুক্তরাষ্ট্রের স্থানীয় সময়) বাদ জোহর টাম্পার ইস্তাবা ইসলামিক সোসাইটি অফ টাম্পা বে এরিয়া মসজিদে অনুষ্ঠিত হয়। ইউনিভার্সিটি অফ সাউথ ফ্লোরিডার শিক্ষার্থী, নিহত জামিলের খালা, মায়ামির বাংলাদেশ কনস্যুলেটের কনসাল জেনারেল, গণমাধ্যমকর্মীসহ প্রবাসী বাংলাদেশিরা জানাজায় অংশগ্রহণ করেন।
লিমনের মরদেহ আগামী ৪ মে দেশে আসার কথা রয়েছে। মরদেহটি অরল্যান্ডো (এমসিও) থেকে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ২ মে রাত ৮টা ৫০ মিনিটে রওনা হবে। পথে দুবাই এ ট্রানজিট থাকবে। ৪ মে সকাল ৮টা ৪০ মিনিটে লিমনের দেহ ঢাকা পৌঁছানোর কথা রয়েছে।
প্রায় ১০ দিন নিখোঁজ থাকার পর গত শুক্রবার বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমনের মরদেহ উদ্ধার করে পুলিশ। লিমন ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডায় ভূগোল, পরিবেশবিজ্ঞান ও নীতি বিষয়ে পিএইচডি করছিলেন।
একই দিন বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টিও নিখোঁজ হন। বৃষ্টির মরদেহের অংশ উদ্ধার করেছে পুলিশ। রোববার ফ্লোরিডার আই-২৭৫ ও ফোর্থ স্ট্রিট নর্থ সংলগ্ন জলাশয় থেকে তার মরদেহের অংশ উদ্ধার করা হয়।