রোববার (৩ মে) থেকে ঢাকায় চারদিনব্যাপী জেলা প্রশাসক (ডিসি) সম্মেলন শুরু হতে যাচ্ছে বলে জানিয়েছেন মন্ত্রী পরিষদ সচিব নাসিমুল গনি। প্রধানমন্ত্রী তারেক রহমান এই সম্মেলনের উদ্বোধন করবেন। শনিবার বিকেলে সচিবালয়ে মন্ত্রী পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে নাসিমুল গনি এ তথ্য জানান।
সম্মেলনে দেশের সব জেলা প্রশাসক উপস্থিত থাকবেন। ৫৬টি মন্ত্রণালয়ের মন্ত্রী, প্রতিমন্ত্রীগণ সম্মেলনে নিজ নিজ মন্ত্রণালয়ের ওপর জেলা প্রশাসকদের প্রয়োজনীয় নির্দেশনা দেবেন।
মন্ত্রী পরিষদ সচিব বলেন, রোববার থেকে চারদিনব্যাপী ২০২৬ সালের জেলা প্রশাসক সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। সরকারের নীতি উন্নয়ন কর্মসূচি ও মাঠ প্রশাসনের জনস্বার্থ সংশ্লিষ্ট প্রস্তাব বিষয়ে আলোচনা, নির্দেশনা গ্রহণ ও সিদ্ধান্ত গ্রহণের জন্য ঐতিহ্যগতভাবে প্রতিবছর জেলা প্রশাসক সম্মেলন আয়োজন করা হয়ে থাকে।
তিনি আরও বলেন, এবারের জেলা প্রশাসক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠান হবে ওসমানী স্মৃতি মিলনায়তনে রোববার সকাল সাড়ে ১০ টায়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির আসন অলংকৃত করতে সদয় সম্মতি দিয়েছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান।
সংবাদ সম্মেলনে এবারের জেলা প্রশাসক সম্মেলন নিয়ে বিস্তারিত তুলে ধরে মন্ত্রী পরিষদ বিভাগের অতিরিক্ত সচিব হুমায়ুন কবির বলেন, এবারের সম্মেলনের বিশেষত্ব হচ্ছে, এবার চারদিনব্যাপী এই সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। গতবার সম্মেলনটি ছিল তিন দিনের এইবার একদিন যোগ হয়েছে। সম্মেলন চলাকালে কমিশনার ও জেলা প্রশাসকগণ রাষ্ট্রপতি, স্পিকার ও প্রধান বিচারপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।
তিনি জানান, এবারের জেলা প্রশাসক সম্মেলনে মোট অধিবেশন হবে ৩৪ টি। তার মধ্যে কার্য অধিবেশন হবে ৩০ টি ও অংশগ্রহণকারী মন্ত্রণালয় বা বিভাগের সংখ্যা হচ্ছে ৫৬ টি।
তিনি বলেন, আমরা মাঠ প্রশাসন থেকে এবার এক হাজার ৭২৯ টি প্রস্তাব পেয়েছি। তার মধ্যে কার্যপত্রে অন্তর্ভুক্ত হয়েছে ৪৯৮ টি। সবচেয়ে বেশি প্রস্তাব এসেছে স্বাস্থ্য সেবা বিভাগ সম্পর্কিত। এই বিভাগের জন্য ৪৪ টি প্রস্তাব এসেছে।
তিনি আরও বলেন, এবারের সম্মেলনের প্রধান আলোচ্য বিষয়ের মধ্যে রয়েছে ভূমি ব্যবস্থাপনা, আইন শৃঙ্খলা, স্থানীয় সরকার, দুর্যোগ ব্যবস্থাপনা, কর্মসংস্থান, সামাজিক নিরাপত্তা, ই-গভর্নেন্স, শিক্ষা, স্বাস্থ্য সেবা, পরিবেশ সংরক্ষণ, অবকাঠামো উন্নয়ন এবং বিভিন্ন উন্নয়ন কার্যক্রম পরিবীক্ষণ।