ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ) বলেছেন, প্রয়োজনে মন্ত্রিত্ব ছেড়ে দেব, কিন্তু এখানে সংখ্যালঘুদের ওপর, অন্য ধর্মাবলম্বীরদের ওপর অত্যাচার–জলুম–নির্যাতন সহ্য করব না।
সোমবার (১১ মে) সচিবালয়ের গণমাধ্যমকেন্দ্রে সচিবালয় বিটে কর্মরত সাংবাদিকদের সংগঠন বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরামের (বিএসআরএফ) সংলাপে ধর্মমন্ত্রী এ কথাগুলো বলেন ।
এক প্রশ্নের জবাবে কাজী শাহ মোফাজ্জাল হোসাইন জানান, ভারত বিশাল দেশ। তাদের তিনি শ্রদ্ধা করেন। এ জন্য যে, যেহেতু তারা গণতন্ত্রকে লালন করে। তবে আরও বেশি শ্রদ্ধা করবেন, তারা যদি সংখ্যালঘুদের আপন করে নেয়, নিরাপত্তা দেয়। তাদের জনগণের একটা অংশ হিসেবে মনে করে সব ব্যবস্থা নেয়।
ধর্মমন্ত্রী বলেন, ‘তবে আমি একটা কথা বলি...ভারতে কী হচ্ছে, এটা বড় জিনিস নয়, ভারতে ঘটছে বলে বাংলাদেশে ঘটবে—এমনটা হতে দেওয়া হবে না। প্রয়োজনবোধে মন্ত্রিত্ব ছেড়ে দেব, কিন্তু এখানে সংখ্যালঘুদের ওপর, কোনো অন্য ধর্মাবলম্বীদের ওপর অত্যাচার, জলুম, নির্যাতন সহ্য করব না।’
সংলাপে আরও বক্তব্য রাখেন বিএসআরএফের সভাপতি মাসউদুল হক ও সাধারণ সম্পাদক উবায়দুল্লাহ বাদল।