ঢাকাসহ দেশের ৯ জেলায় ৬০ কিলোমিটার বেগে ঝড়সহ বজ্রবৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। শুক্রবার (১৫ মে) দুপুর ৩টা থেকে দিবাগত রাত ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়।
আবহাওয়াবিদ মো. আব্দুল হামিদ মিয়া স্বাক্ষরিত সতর্কবার্তায় বলা হয়েছে, রাজশাহী, কুষ্টিয়া, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, কুমিল্লা এবং সিলেট জেলার ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ সময় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির শঙ্কা রয়েছে। তাই এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
এদিকে, সংস্থাটি আরও জানিয়েছে, দক্ষিণপশ্চিম ও পশ্চিমমধ্য বঙ্গোপসাগর এলাকায় একটি সুস্পষ্ট লঘুচাপ অবস্থান করছে। এ ছাড়া, অপর একটি লঘুচাপের বাড়তি অংশ পশ্চিমবঙ্গ ও এর কাছাকাছি এলাকায় অবস্থান করছে। এ পরিস্থিতিতে আগামী কয়েক দিন দেশের সব বিভাগে ঝড়বৃষ্টির প্রবণতা রয়েছে। সেইসঙ্গে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি বর্ষণও হতে পারে।