চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে আর কোনোভাবেই সন্ত্রাসীরা ঢুকতে পারবে না বলে জানিয়েছে র্যাবের মহাপরিচালক আহসান হাবিব পলাশ। মঙ্গলবার সকালে জাতীয় ঈদগাহে নিরাপত্তা কার্যক্রম পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
নিজেদের দুর্বলতার কথা স্বীকার করে র্যাব মহাপরিচালক বলেন, ইয়াসিন বাহিনী আইনশৃঙ্খলা বাহিনীর চেয়ে শক্তিশালী হয়েছে- এটা ভাবার কোনো সুযোগ নেই। তারা অতর্কিত কাজটা করেছে। পর্যাপ্ত মনিটরিং ছিলো না বলেই এই হামলার ঘটনা ঘটেছে।
তিনি আরও বলেন, রোববার রাতে যে ঘটনা ঘটেছে তা অসাবধানতাবশত হয়েছে। কিন্তু তারা এখানে আসতে পারবে না। তাদের সেই শক্তি নেই। তারা যেখানেই থাকুক, যেভাবেই থাকুক, তাদের উচ্ছেদ করা হবে। তারা কোনোভাবেই সেখানে ঢুকতে পারবে না।
র্যাব মহাপরিচালক জানান, হামলার ঘটনায় এখন পর্যন্ত ৩০ জনকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া ঈদের ফাঁকা সময়ে চুরি-ছিনতাই ঠেকাতে এবার আরও বেশি টহল টিম ও নজরদারি থাকবে। পাশাপাশি কোরবানিকে ঘিরে গুজব ও বিভ্রান্তিকর প্রচারের বিরুদ্ধে কঠোর নজরদারি অব্যাহত থাকবে বলেও জানান তিনি।