চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর বাছাইপর্বে ঘটেছে বড় অঘটন। গত মৌসুমের রানার্সআপ ইন্টার মিলান নিজেদের মাঠেই হেরে বিদায় নিয়েছে নরওয়ের তুলনামূলক অখ্যাত ক্লাব বোড/গ্লিমটের কাছে। আর্কটিক সার্কেলের উত্তরের শহর বোডোর এই দলটি কয়েক বছর আগেও ইউরোপীয় ফুটবলে খুব একটা পরিচিত ছিল না। অথচ এবার তারা বিদায় করে দিয়েছে ইতালির ঐতিহ্যবাহী জায়ান্টকে।
প্লে-অফের দ্বিতীয় লেগে ইন্টারের বিপক্ষে ২-১ গোলের জয় পায় বোডো/গ্লিমট। প্রথম লেগে ৩-১ গোলের জয়ের সুবাদে দুই লেগ মিলিয়ে ৫-২ ব্যবধানে এগিয়ে থেকে শেষ ষোলোর টিকিট নিশ্চিত করে নরওয়ের প্রতিনিধিরা।
গোলশূন্য প্রথমার্ধের পর বিরতি থেকে ফিরে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় সফরকারীরা। ম্যাচের ৫৮ মিনিটে জেন্স পেটার হাউজের নিখুঁত শটে এগিয়ে যায় তারা। এরপর ৭২ মিনিটে হাকন এভজেন ব্যবধান দ্বিগুণ করলে স্তব্ধ হয়ে পড়ে জিউসেপ্পে মিয়াজ্জা স্টেডিয়াম।
৭৬ মিনিটে আলেসান্দ্রো বাস্তোনি এক গোল শোধ দিলেও ঘুরে দাঁড়ানোর স্বপ্ন আর জাগেনি স্বাগতিকদের। শেষ পর্যন্ত নিজেদের সমর্থকদের সামনে বিদায়ের বেদনা নিয়েই মাঠ ছাড়তে হয় ইতালিয়ান দলটিকে।
উল্লেখ্য, এর আগে ২০২৩ সালের ইউরোপ চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি এবং স্পেনের শক্তিশালী অ্যাটলেটিকো মাদ্রিদকে হারিয়ে রীতিমতো রূপকথার গল্প লিখেছে বোডো/গ্লিমট। এবার ইন্টার মিলানকে বিদায় করে সেই গল্পে যোগ হলো নতুন অধ্যায়।